Tuesday, February 28, 2017

দ্বিতীয় দফায় গ্যাসের মূল্যবৃদ্ধিতে হাইকোর্টের স্থগিতাদেশ

দ্বিতীয় দফায় গ্যাসের মূল্য বাড়ানোর সরকারি সিদ্ধান্ত ছয়মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে আগামী ১ জুন থেকে ৯০০ এবং ৯৫০ টাকা মূল্য নির্ধারণ করে গ্যাসের মূল্য বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত থাকবে বলে জানিয়েছেন রিট আবেদনের আইনজীবী। আজ মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে দায়ের করা এক রিটের শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন। রুলে ২৩ ফেব্রুয়ারি গণবিজ্ঞপ্তি জারি করে গ্যাসের মূল্য বাড়ানো কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ব বর্হিভূত হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, কমিশনের চেয়ারম্যান ও সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিট আবেদনটি দায়ের করেন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর কনজুমার কমপ্লেইন হ্যান্ডলিং ন্যাশনাল কমিটির আহ্ববায়ক স্থপতি মোবাশ্বের হোসেন। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ সাইফুল ইসলাম। রাষ্ট্রপক্ষে আদালতে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু্।
আদালতে সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন আইন, ২০০৩ এর ৩৪ ধারা বলা হয়েছে, কমিশন কর্তৃক নির্ধারিত ট্যারিফ কোনো অর্থবছরে একবারের বেশি পরিবর্তন করা যাবে না, যদি না জ্বালানী মূল্যের পরিবর্তনসহ অন্য কোনোরূপ পরিবর্তন ঘটে৷ কিন্তু সরকার ২৩ তারিখের গণবিজ্ঞপ্তি জারি করে ১ মার্চ ও ২ জুন থেকে দুই দফায় বাড়ানো হয়েছে। এর আদালত দ্বিতীয় দফায় গ্যাসের দাম বৃদ্ধির ওপর ছয় মাসের স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেন। ২৩ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে বিইআরসি ভবনে সংবাদ সম্মেলন করে এ দাম বৃদ্ধির ঘোষণা দেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মনোয়ার ইসলাম। বিইআরসি ঘোষণা অনুযায়ী, মার্চ থেকে প্রতি চুলা গ্যাসের জন্য খরচ করতে হবে ৭৫০ টাকা, এটা জুনে বেড়ে গিয়ে দাঁড়াবে ৯০০ টাকায়। আর মার্চ থেকে দুই চুলা গ্যাসের জন্য খরচ যাবে ৮০০ টাকা, যা জুনে গিয়ে ফের বাড়বে ৯৫০ টাকায়। অন্যদিকে মার্চ থেকে প্রতি ঘনমিটার সিএনজি গ্যাসের দাম হবে ৩৮ টাকা। এটা জুনে গিয়ে দাঁড়াবে ৪০ টাকায়। মার্চ থেকে গ্যাসের বাণিজ্যিক ইউনিট প্রতি খরচ যাবে ১৪.২০ টাকা, আর জুন থেকে এ ক্ষেত্রে খরচ করতে হবে ১৭.৪০ টাকা। বর্তমানে প্রতি চুলা গ্যাসের দাম রাখা হচ্ছে ৬০০ টাকা, আর দুই চুলা ৬৫০ টাকা।

No comments:

Post a Comment