জয়পুরহাট
শহরের রেলগেট এলাকায় রোববার সকালে ভয়াবহ এক ট্রেন দুর্ঘটনার কবল থেকে
রক্ষা পেল রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস এবং সৈয়দপুরগামী কেপি-৪১ নং
তেলবাহী ট্রেন। জয়পুরহাট রেল স্টেশন সূত্রে জানা গেছে, পাঁচবিবি থেকে ছেড়ে
আসা রাজশাহীগামী ৩২ ডাউন উত্তরা এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাট রেল স্টেশনে
ঢোকার মুহূর্তে আউটার সিগনালে দাঁড়ায়।
বিপরীত দিক থেকে আসা সৈয়দপুরগামী
কেপি-৪১ নং তেলবাহী ট্রেনটির ড্রাইভার ঘুমিয়ে পড়ার কারণে মালট্রেনটি
গেটমানের দেয়া সিগনাল অমান্য করে জয়পুরহাট রেলস্টেশনের দিকে এগিয়ে আসে।
এসময় গেটম্যানের মাধ্যমে বিষয়টি অবগত হয়ে স্টেশন মাস্টার স্টেশন চত্তরে
পাথর নিক্ষেপ করে ড্রাইভারের ঘুম ভাঙানোর চেষ্টা করেন। ঘুম ভেঙে বিষয়টি
বুঝতে পেরে ড্রাইভার মালট্রেনটিকে কঠিনভাবে ব্রেক কষে থামানোর চেষ্টা করেন।
এতে রেললাইনের কানেক্টিং রড ভেঙ্গে স্টেশন থেকে প্রায় ৩০০ গজ দূরে উত্তরা
এক্সপ্রেস ট্রেনটির মুখোমুখি এসে থেমে যায়। এতে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে
ট্রেন দুটি ও ট্রেনের শত শত যাত্রী রক্ষা পায়। জয়পুরহাট রেলস্টেশন মাষ্টার
আব্দুল খালেক জানান, মালগাড়ির ড্রাইভার সিগনাল অমান্য করায় এ ঘটনা ঘটেছে।
মালগাড়ির ড্রাইভার নুরুল ইসলাম স্টেশন মাষ্টারের অভিযোগ অস্বীকার করে বলেন,
আউটার সিগনালে লাইন ক্লিয়ারেন্স ছিল। এ ঘটনার ব্যাপারে বাংলাদেশ রেলওয়ে
পশ্চিমাঞ্চলের পক্ষ থেকে জুনিয়র ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমানকে প্রধান
করে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বলে স্টেশন মাষ্টার শওকত
আলী জানান।

No comments:
Post a Comment