হোটেল
কর্মীকে যৌন নিপীড়নের অভিযোগে সৌদি আরবের একজন কূটনীতিককে বেত্রাঘাত ও
২৬ মাসের কারাদণ্ড দিয়েছেন সিঙ্গাপুরের একটি আদালত। শুক্রবার জেলা জজ লে পো
চো এই রায় দেন। রায়ে আদালত বান্দের ইয়াহিয়া আ. আলজাহরানিকে (৩৯)
কারাদণ্ডের সঙ্গে চারটি বেত্রাঘাতের নির্দেশ দেন। বাদের ইয়াহিয়া সৌদি
আরবের বেইজিং দূতাবাসে নিযুক্ত আছেন। খবর দ্য স্ট্রেইট টাইমসের।
গত বছরের
আগস্টে পরিবার নিয়ে ছুটি কাটানোর সময় বান্দের সিঙ্গাপুর সিটির সেনটোসা
হোটেলে ২০ বছর বয়সী শিক্ষানবিশ হোটেলকর্মীর সঙ্গে এ ঘটনা ঘটান। তবে নিজের
বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে তিনি রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা
দিয়েছেন। সিঙ্গাপুরে পুরুষ অপরাধীদের বেত্রাঘাতের বিধান রয়েছে। যৌন
নিপীড়ন, মাদক সংক্রান্ত অপরাধ, দাঙ্গা ও ভাংচুর এবং অবৈধ অভিবাসীদের এই
শাস্তি দেয়া হয়। সৌদি আরবেও বেত্রাঘাত আইনসম্মত। আদালত সূত্রে জানা গেছে,
সৌদি কূটনীতিক বাদের ইয়াহিয়া ওই হোটেলে গিয়ে সুন্দর একটি কক্ষ চান। ওই
তরুণী যখন তাকে কক্ষ দেখাতে নিয়ে যান, তিনি তার হাত চেপে ধরে ঘাড়ে ও মুখে
চুমো দেন। এ সময় ইয়াহিয়া বাদের ওই তরুণীকে জোর করে নিজের কোলেও টেনে নেন।

No comments:
Post a Comment