Tuesday, February 7, 2017

নেতৃত্ব ছাড়লেন কুক

চাপটা তৈরি হয়েছিল বাংলাদেশ সফর থেকেই। ঢাকা টেস্টে বাংলাদেশের কাছে হারার পর ভারত সফরেও ব্যর্থতার চোরাবালিতে হাবুডুবু খেয়েছে ইংল্যান্ড। ভারতের কাছে ৪-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরে দেশে ফেরার আগেই অ্যালিস্টার কুকের অধিনায়কত্ব নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল ব্রিটিশ মিডিয়ায়। কুক তখন বলেছিলেন, দেশে ফেরার পর একটু সময় নিয়ে নিজের সিদ্ধান্তটা জানাবেন।
সোমবার সেটা জানিয়েও দিলেন। সব দিক বিবেচনা করে নিজে থেকেই ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দিলেন কুক। তবে নেতৃত্ব ছাড়লেও দেশের হয়ে খেলা চালিয়ে যাবেন ৩২ বছর বয়সী এই ওপেনার। কাল আনুষ্ঠানিক ঘোষণা এলেও অধিনায়কের দায়িত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত আগের দিনই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান কলিন গ্রাভসকে জানিয়ে দিয়েছিলেন কুক। গ্রাভস ও ইসিবির ক্রিকেট পরিচালক অ্যান্ড্র– স্ট্রাউসের সঙ্গে এ নিয়ে কয়েক দফা আলোচনা হয়েছে তার। টেস্টে পাঁচ বছর দেশকে নেতৃত্ব দেয়ার পর নিজের ও দলের সম্মিলিত স্বার্থেই সরে দাঁড়ানোর কঠিন সিদ্ধান্তটা নিতে হয়েছে কুককে। ইংল্যান্ডের অধিনায়ক হওয়া এবং পাঁচ বছরের বেশি সময় ধরে টেস্ট দলকে নেতৃত্ব দেয়াটা আমার কাছে ছিল সম্মানের। সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়াটা তাই ছিল ভীষণ কঠিন। কিন্তু আমি জানি, আমার জন্য এটাই সঠিক সিদ্ধান্ত এবং দলের জন্য এটাই সঠিক সময়।’ কুকের পদত্যাগপত্র গ্রহণ করার পর এবার ইংল্যান্ডের ৮০তম টেস্ট অধিনায়ক বেছে নেয়ার প্রক্রিয়া শুরু করবে ইসিবি। কুকের উত্তরসূরি হওয়ার দৌড়ে এগিয়ে আছেন দলের সেরা ব্যাটসম্যান জো রুট। স্ট্রাউস জানিয়েছেন, ২২ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগে নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে। ২০১২ সালের আগস্টে স্ট্রাউসের অবসরের পর পাকাপাকিভাবে টেস্ট দলের নেতৃত্ব কুকের হাতে তুলে দেয়া হয়েছিল। দেশকে সর্বোচ্চ ৫৯ টেস্টে নেতৃত্ব দিয়েছেন কুক। তার নেতৃত্বে ২০১৩ ও ২০১৫ সালে অ্যাশেজ জিতেছিল ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকা ও ভারতের মাটিতেও দলকে সিরিজ জিতিয়েছেন কুক।
তার নেতৃত্বে ইংল্যান্ড জিতেছে ২৪টি টেস্ট, হেরেছে ২২টি আর ড্র করেছে ১৩টি। ব্যাটসম্যান হিসেবে সফল কুক। ১৪০ টেস্টে ৩০টি সেঞ্চুরিসহ দেশের পক্ষে সর্বোচ্চ ১১ হাজার ৫৭ রান করেছেন। অধিনায়ক কুকের যাত্রা থামলেও ব্যাটসম্যান কুককে এখনই হারাতে নারাজ ইংল্যান্ড। রুট, স্ট্রাউস, ভন থেকে শুরু করে গ্রাহাম গুচ- সবাই কুর্নিশ জানিয়েছেন কুককে। ইংল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে চিত্রিত করা হয়েছে তাকে। মন খারাপের দিনে সবার শ্রদ্ধা, ভালোবাসায় সিক্ত কুক কথা দিলেন খেলা চালিয়ে যাবেন, ‘ব্যক্তিগতভাবে অনেক কারণেই এটা আমার জন্য দুঃখের দিন। কিন্তু দীর্ঘ যাত্রায় যাদেরকে পাশে পেয়েছি, সবাইকেই ধন্যবাদ জানাতে চাই। ইংল্যান্ডের হয়ে খেলাটা সব সময়ই উপভোগ করেছি। আশা করি, টেস্ট খেলাটা চালিয়ে যেতে পারব। ইংল্যান্ডের পরবর্তী অধিনায়ক ও দলকে যতটা পারি সহায়তা করব।’ ক্রিকইনফো/এএফপি।

No comments:

Post a Comment