Wednesday, March 1, 2017

দায়িত্ব কমছে মুশফিকের

ভারত টেস্টের পর জানিয়েছিলেন, অধিনায়কত্ব, ব্যাটিং ও কিপিং- তিন দায়িত্বেই খুশি মুশফিকুর রহীম। তবে অভিজ্ঞদের মতামত ছিল, তার কাধের ভার কমানো। তাই শ্রীলঙ্কায় টেস্ট সিরিজে উইকেটের পিছনে থাকবেন না মুশফিক। পাশাপাশি ব্যাটিং অবস্থানে এগিয়ে এসে চার নাম্বারে ব্যাট করবেন। গত কয়েক সিরিজ থেকেই উইকেটের পিছনে ভালো সময় যাচ্ছে না মুশফিকের। অনেকেই টেস্টে উইকেট কিপিং ছেড়ে দেয়ার পরামর্শ দিয়েছিলেন।
দলের অন্যতম ব্যাটিং ভরসা, অধিনায়কত্ব, উইকেট রক্ষক- গুরুত্বপূর্ণ তিনটি দায়িত্ব আলাদা চাপ তৈরি করছে বলে অভিজ্ঞরা মতামত দিয়েছিলেন। তবে মুশফিক কিছুদিন আগে জানিয়েছিলেন, উইকেট কিপিং ছাড়ার কোনো সম্ভাবনা নেই। তিনি সব দিক দিয়েই দলকে ভালো কিছু দিতে চান। নিউজিল্যান্ড ও ভারত সিরিজে ৬ নাম্বারে ব্যাট করা মুশফিককে টিম ম্যানেজমেন্ট চার নাম্বারে ব্যাট করার কথা বলেছে। পাশাপাশি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে উইকেটকিপিং থেকে বিরতি নিতে বলেছে। মুশফিক এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন। উল্লেখ্য, ৭ মার্চ গলে শুরু হবে বাংলাদেশ-শ্রীলংকা প্রথম টেস্ট। এই টেস্ট সিরিজে উইকেটের পিছনে দেখা যাবে না মুশফিককে।

No comments:

Post a Comment