কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু করার বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) দেয়া আশ্বাসের বাস্তবায়ন দেখছেন না বলে অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী মনিরুল হক সাক্কু। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ১২নং ওয়ার্ডে নিজ কেন্দ্র হোস্তামিয়া উচ্চ বিদ্যালয়ে ভোট দেওয়ার পর সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন। তিনি অভিযোগ করেন, সকাল থেকে বিভিন্ন কেন্দ্রের বাইরে সরকারদলীয় লোকজন অবস্থান নিয়েছে। তারা বিএনপি কর্মী-সমর্থকদের কেন্দ্রে যেতে বাধা দিচ্ছে। সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বিএনপি’র এই মেয়রপ্রার্থী আরও অভিযোগ করেন, রামকৃষ্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধনাইতরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিটি কলেজ কেন্দ্র থেকে বিএনপি’র এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। ব্যালটে সিল মারছে সরকার সমর্থিত প্রার্থীর লোকজন। সাক্কু বলেন, এসব কেন্দ্রে আমি নিজে গিয়ে এজেন্টদের ঢুকিয়ে দিয়েছি। পরে আবার তাদের বের করে দেওয়া হয়। তার প্রধান নির্বাচনী এজেন্ট কাইমুল হক রিংকু নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেছেন বলে জানান সাক্কু।
নির্বাচনের পরিবেশ সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকদের সাক্কু বলেন, নির্বাচনের পরিবেশ আপনারাই তো দেখছেন। পরিবেশ শান্তিপূর্ণ মনে হলেও বিভিন্ন কেন্দ্রে যেভাবে বাধা দেওয়া হচ্ছে, যেভাবে সিল মারা হয়েছে তাতে সুষ্ঠু নির্বাচনের লক্ষণ বা পরিবেশ মনে হচ্ছে না। শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নে জবাবে সাক্কু বলেন, এখনই বলছি না। আপানারাও নির্বাচন পর্যবেক্ষণ করুন। পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেব।
এদিকে নিজ কেন্দ্রে ভোট দেওয়ার সময় বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী মনিরুল হক সাক্কুর ভোটার নম্বরে আপত্তি করেন নৌকা প্রতীকে এজেন্ট। তার দাবি, সাক্কুর কাছে থাকা ভোটার নম্বরটি অজয় চন্দ্র সরকার নামে এক ব্যক্তির। পরে সহকারি প্রিসাইডিং অফিসার ভোটার নম্বরটি সঠিক আছে জানালে সাক্কু ভোট দেন। এপরিস্থিতিতে ভোট দিতে ৫ মিনিট সময় বেশি অপেক্ষা করতে হয় সাক্কুকে।
No comments:
Post a Comment