আইপিএল
শুরুর আগেই বিপদ। নোটবন্দি ও বোর্ডের সংস্কারের জোড়া ধাক্কা সামলানোর
চ্যালেঞ্জ নিয়ে ময়দানে অবতীর্ণ হতে হবে আসন্ন আইপিএলকে। একমাসও বাকি নেই,
এমন অবস্থায় তীব্র সমস্যায় পড়েছে আইপিএল। সূত্রের খবর, লোধা কমিটির
প্রস্তাবিত সংস্কারের পরে রাজ্য ক্রিকেট সংস্থাগুলো এখনও আইপিএল ম্যাচ
আয়োজনের জন্য কানাকড়িও পায়নি বোর্ডের কাছ থেকে। সাধারণত, আইপিএলের প্রতিটি
ম্যাচ আয়োজনের জন্য রাজ্য ক্রিকেট সংস্থাগুলো ৬০ লাখ টাকা পেয়ে থাকে। এর
মধ্যে ৩০ লাখ টাকা দেয়া হয় ফ্র্যাঞ্চাইজির তরফে। বাকি টাকা মেটায় দেশের
সর্বোচ্চ নিয়ামক সংস্থা। আইপিএল শুরুর আগেই মোট অর্থের কিছু পরিমাণ অগ্রিম
হিসেবে দিয়ে দেয়া হয় ক্রিকেট সংস্থাগুলোকে। তবে এখন পরিস্থিতি অনেকটাই
আলাদা। সুপ্রিমকোর্টের নির্দেশ রয়েছে— রাজ্য ক্রিকেট সংস্থাগুলো লোঢা
কমিটির সুপারিশ না মানলে তাদের যেন কোনোরকম অর্থ বরাদ্দ করা না হয়।
এই
নিয়মেই বাধা পড়েছে আইপিএল আয়োজন। ৪৮ ঘণ্টা আগেই ওয়ার্কিং কমিটির বৈঠকের পর
লোঢা কমিটির বিরুদ্ধে সুপ্রিমকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌরভ
গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন সিএবি। লোঢা কমিটির বিরুদ্ধে যুদ্ধং দেহী
মূর্তি নেয়ার জন্যই আইপিএলের আগে নাইট রাইডার্সের ঘরোয়া ম্যাচ আয়োজনের জন্য
বরাদ্দ অগ্রিম অর্থ পাবে না সিএবি। সিএবি-র এক কর্তা সংবাদসংস্থাকে জানান,
‘আইপিএলের মত বড় মাপের টুর্নামেন্ট আয়োজন করতে হলে অগ্রিম অর্থের
প্রয়োজন। তবে আমাদের হাতে এখনও কোনোরকম অর্থ এসে পৌঁছোয়নি। এতেই তৈরি হয়েছে
সমস্যা।’ এর আগেও নিউজিল্যান্ড, ইংল্যান্ড সিরিজের সময় একই কারণ দেখিয়ে
ম্যাচ আয়োজনে আপত্তি দেখিয়েছিল রাজ্য ক্রিকেট সংস্থাগুলো। তবে
সুপ্রিমকোর্টের নির্দেশে তাৎক্ষণিকভাবে শুধু ম্যাচ আয়োজনের জন্য অর্থ
বরাদ্দ করা হয়েছিল। কয়েকদিন আগেই মুম্বাইতে আইপিএল কমিটির এক বৈঠকে রাজ্য
ক্রিকেট সংস্থাগুলো সরাসরি সতর্ক করেছিল এই বলে যে, প্রয়োজনীয় অর্থ না পেলে
আইপিএলের ম্যাচ আয়োজন করতে পারবে না তারা।

No comments:
Post a Comment