Wednesday, March 1, 2017

কপাল খুললো কারানের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন সারের ফাস্ট বোলার টম কারান। হাঁটুর ইনজুরির কারণে জেক বল বাদ পড়ায় তার পরিবর্তে কারান ডাক পেয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টস একাদশের বিপক্ষে গতকাল সেন্ট কিটসে অনুশীলন ম্যাচে বল হাঁটুতে আঘাত পান। দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী কারানের বাবা জিম্বাবুয়ে জাতীয় দলের সাবেক খেলোয়াড় কেভিন। গত বছর ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ পান কারান। ইংল্যান্ড লায়ন্সের হয়ে শ্রীলঙ্কা সফরে কারান দুটি প্রথম শ্রেণীর ম্যাচে ১৮.৯০ গড়ে ১০ উইকেট দখল করেছেন। শ্রীলঙ্কা সফরে থাকা আনগাস ফ্রেসার পরবর্তীতে কারানকে দলভুক্ত করতে সুপারিশ করেন। যদিও কারানের অন্তর্ভূক্তিটা বেশ বিস্ময়কর। এই মুহূর্তে বোলার হিসেবে কারো অন্তর্ভূক্তির সুযোগ থাকলে সেটা হতে পারতেন ক্রিস জর্ডান। কিন্তু জর্ডান বর্তমানে পিএসএল’এ থাকা জর্ডান ইংল্যান্ডের টি২০ দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। কিন্তু তারপরেও তাকে হটিয়ে ঠিকই জাতীয় দলে ঢুকে পড়েছেন ২৩ বছর বয়সী কারান।
এ প্রসঙ্গে উচ্ছসিত কারান বলেন, খুব সকালে ঘুম থেকে উঠে আমি মুঠোফোনে একটি বার্তা পাই। সেখানেই আসন্ন সিরিজে আমাকে দলভূক্তির কথা লেখা ছিল। আমি বার্তাটি বেশ কয়েকবার পড়েছি। কিন্তু কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। এরপর আমি আর ঘুমাতে পারিনি। সকাল ৭টা পর্যন্ত অপেক্ষা করে আমি প্রথমেই আমার ভাই স্যামকে সুসংবাদটি জানাই। স্যামও বর্তমানে লায়ন্সদের হয়ে শ্রীলঙ্কা সফরে রয়েছেন। শুক্রবার থেকে এন্টিগাতে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে। তার তিনদিন আগে এয়োইন মরগ্যানের শিষ্যদের সাথে যোগ দিবেন কারান। তবে মূল একাদশে জায়গা করে নিতে হলে কারানকে স্টিভেন ফিন, লিয়াম প্লানকেট ও ক্রিস ওকসদের মত অভিজ্ঞদের সাথে লড়াই করতে হবে।

No comments:

Post a Comment