
আয়ারল্যান্ডকে
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে হারালো আফগানিস্তান। ভারতে হওয়া
সিরিজের প্রথম দুই ম্যাচ জেতে আফগানিস্তান। তবে আয়ারল্যান্ড পরের দু’টি
জিতে সিরিজ জমিয়ে তোলে। আজ সিরিজ নির্ধারনী শেষ ম্যাচে মুখোমুখি হয় তারা।
সেখানে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিলো আফগানিস্তান। নয়ডায়
টস জিতে আগে ব্যাটে গিয়ে আয়ারল্যান্ড ৪৮.১ ওভারে ২২৯ রানে অলআউট হয়। জবাবে
রহমত শাহ’র সেঞ্চুরিতে ৪৮.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় আফগানিস্তান।
তারা শুরুতে ২৫ রানে দুই উইকেট হারায়। কিন্তু তৃতীয় উইকেটে ৭৩ রান যোগ
করেন রহমত শাহ ও আসগার স্তানিকজাই। স্তানিকজাই ৬২ রানে ফিরলেও রহমত অপরাজিত
থাকেন। চতুর্থ উইকেটে সামিউল্লাহ শেনওয়ারির সঙ্গে ১৩৩ রানে অবিচ্ছিন্ন
থেকে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন তিনি। সামিউল্লাহ ৬২ ও রহমত শাহ ১০৮ রানে
অপরাজিত থাকেন। এর আগে আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন পল
স্টার্লিং। এছাড়া এড জয়েস ৪২ ও পোর্টারফিল্ড করেন ৩৪ রান। আফগানিস্তানের
লেগ স্পিনার রশিদ খান ১০ ওভারে ২৯ রানে নেন ৪ উইকেট। সিরিজে সর্বোচ্চ ১৬
উইকেট তার। দ্বিতীয় সর্বোচ্চ ১১ উইকেট দৌলৎ জাদরানের।
No comments:
Post a Comment