
কুমিল্লা
সিটি করপোরেশনের ২৪নং ওয়ার্ডের তিন তলা বাড়িটি ঘিরে এখন দৃষ্টি সবার।
বাড়িটিতে জঙ্গি আস্তানা রয়েছে সন্দেহে ঘেরাও করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গন্ধমতি এলাকার দেলোয়ার হোসেন ড্রাইভারের তিনতলা বাড়িটি গতকাল বিকাল ৪টায়
ঘিরে ফেলে পুলিশ। পরে র্যাব ও অন্যান্য গোয়েন্দা সংস্থার লোকজনও যোগ দেয়।
সূত্র মতে, গ্রেপ্তারকৃত এক জঙ্গির দেয়া তথ্যের ভিত্তিতে বাড়িটি চিহ্নিত
করা হয়। ওই জঙ্গি কাউন্টার টেররিজম ইউনিটের কাছে বিস্তারিত জানিয়েছে বলে
সূত্র জানায়। স্থানীয়রা জানান, তিন তলা বাড়িটির ওপর তলা নির্মাণাধীন। দুই
ইউনিটের ওই বাড়ির নীচতলা ও দোতলা মেস হিসেবে ৩ মাস আগে ভাড়া দেয়া হয়।
কাউন্টার টেররিজম ইউনিটের হাতে আটক জঙ্গির দেখানোমতে গতকাল আইনশৃঙ্খলা
বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ওই বাড়ির দরজায় বাইরে থেকে তালাবদ্ধ করে দেয়।
খবর পেয়ে কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, র্যাব-১১ এর অধিনায়ক
মেজর মোস্তফা কায়জারসহ পুলিশের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে যান। কুমিল্লার
অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল-মামুন জানান, বোমা ও
আগ্নেয়াস্ত্র নিয়ে এক বা একাধিক জঙ্গি এ বাড়ির নীচতলায় রয়েছে বলে ধারণা করা
হচ্ছে। বাড়িটি ঘেরাও করার পর দোতলার ম্যাচ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের
১২/১৩ জন ছাত্রকে উদ্ধার করে নিয়ে আসা হয়। ঢাকা থেকে কাউন্টার টেররিজম
ইউনিট, সোয়াট ও বোমা বিশেষজ্ঞ দল আসার পর আজ জঙ্গি গ্রেপ্তারে অভিযান
পরিচালনা করা হবে।
No comments:
Post a Comment