
অভিনেত্রী
হিমি এরইমধ্যে টিভি নাটকে বেশ অল্প সময়ে জনপ্রিয়তা পেয়েছেন। গত বছর তিনি
একটি ছবিতেও অভিনয় করেন। নাম ‘হঠাৎ দেখা’। ৩১শে মার্চ ভারত ও বাংলাদেশে
একসঙ্গে ছবিটি মুক্তি পাচ্ছে। বর্তমানে হিমি এ ছবির প্রমোশনের কাজে ভারতে
রয়েছেন। যাওয়ার আগে মানবজমিনকে বলেন, আসছে ২রা এপ্রিল আমার পরীক্ষা রয়েছে।
তাই এর আগেই ছবির প্রমোশনের কাজে ভারতে যাচ্ছি। বাংলাদেশের ইমপ্রেস
টেলিফিল্ম ও কলকাতার রেশমি পিকচার্সের যৌথ প্রযোজনায় এ ছবিটি নির্মাণ
হয়েছে। ২০১৫ সালে এর কাজ করেছি আমি। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হঠাৎ দেখা’ কবিতা
অবলম্বনে ছবিটির কাহিনী এগিয়েছে। ছবিটি দু’দেশে একসঙ্গে মুক্তি পেতে
যাচ্ছে। এটি জেনে আমার খুব ভালো লাগছে। নিজের প্রথম ছবি মুক্তি পাচ্ছে।
ছবিতে কলকাতার দেবশ্রী রায়, বাংলাদেশের ইলিয়াস কাঞ্চন ও মুনিরা ইউসুফ মেমী
অভিনয় করেছেন। হিমি আরো বলেন, ছবিতে দেবশ্রী রায়ের ছোটবেলার চরিত্রে অভিনয়
করেছি আমি। আর ইলিয়াস কাঞ্চনের ছোটবেলার চরিত্রে কলকাতার দীপ ভট্টাচার্য
অভিনয় করেছেন। গল্পে দেখা যাবে, আমার চরিত্রের নাম থাকে মানসী। বৃটিশ আমলের
গল্প। আমার খুব কাছের বন্ধু অমিত। একমাত্র সঙ্গী; যদিও তাকে অমিতদা বলে
ডাকতাম। কিন্তু পরে অমিতের প্রতি আমার একটা মোহ জন্মে। ছবিটি দর্শকের পছন্দ
হবে বলে আশা করছি। ‘হঠাৎ দেখা’ ছবিটি পরিচালনা করেছেন রেশমি মিত্র।
মুক্তির আগেই কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রশংসিত হয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালে ‘রঙ-আরটিভি টোয়েন্টি টোয়েন্টি কালারস মডেল সার্চ
২০১৪’-এর চ্যাম্পিয়ন হন হিমি। এর মাধ্যমেই শোবিজের দরজাটা খুলে যায় তার
জন্য। অভিনয়ের সুযোগ পান আরটিভির ‘অনাকাঙ্ক্ষিত সত্য’ সিরিজের ‘মুখোশ’
পর্বে। তবে দর্শক মহলে তাকে আলাদাভাবে পরিচিতি এনে দিয়েছে চ্যানেল আইতে
প্রচারিত ধারাবাহিক ‘মোহর আলী’। অরুণ চৌধুরীর এ নাটকের অন্যতম কেন্দ্রীয়
চরিত্রে অভিনয় করেছেন হিমি। এরপর বেশকিছু নাটকে অভিনয় করেন হিমি। সম্প্রতি
চিত্রনায়ক রিয়াজের বিপরীতে ‘মায়াবী জোছনার মেঘ’ নাটকে অভিনয় করে বেশ
প্রশংসা পান এই অভিনেত্রী।
No comments:
Post a Comment