Sunday, April 2, 2017

মেঘনা নদী থেকে আরো ৫ জনের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শম্ভুপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জ এলাকায় মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ আরো পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত চারদিনে ১৬ জনের লাশ উদ্ধার করা হলো। আরো ছয়জন নিখোঁজ রয়েছে বলে দাবি করছেন স্বজনরা।
আজ রোববার সকালে ও দুপরে এলাকাবাসীর সহযোগিতায় সোনারগাঁও থানা পুলিশ চরকিশোরগঞ্জ এলাকা থেকে নিখোঁজ পাঁচজনের লাশ উদ্ধার করে।
তারা হলেন- বাবুল হোসেন (৪৫), কামাল হাওলাদার (২২), ইসমাইল (২৩), ফারুক মিয়া (৪০) ও দেবদাস (৩০)।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁও থানার ওসি শাহ মঞ্জুর কাদের পিপিএম জানান, চরকিশোরগঞ্জ ও এর আশপাশের এলাকায় মেঘনা নদীতে আজ রোববার সকালে আরো চারটি ও দুপরে একটি লাশ ভাসতে দেখে উদ্ধার করা হয়। পরে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। আরো ছয়জন নিখোঁজ রয়েছেন বলে স্বজনরা দাবি করছেন। ফলে তল্লাশী চালিয়ে যাচ্ছে পুলিশ।
আজ রোববার উদ্ধার হওয়া বাবুল হোসেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার জিরুইন গ্রামের সদ্দর আলীর ছেলে, ইসমাইল একই জেলার মেঘনা থানার জলারপাড় গ্রামের আব্দুর রহমানের ছেলে, কামাল হাওলাদার ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানার জাঙ্গালীয়া গ্রামের মোকলেছ হাওলাদেরর ছেলে, ফারুক মিয়া গাজীপুর জেলার শ্রীপুর থানার ধুমবাড়ির চর গ্রামে সিরাজ মিয়ার ছেলে ও দেবদাস ঢাকার বাড্ডা থানার মেরুন এলাকার সুধাংশ দাসের ছেলে।
এর আগে গত বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার তিনদিনে ১১ জনের লাশ উদ্ধার করা হয়। যার মধ্যে শুক্রবার সন্ধ্যা ৬টায় উদ্ধার করা হয় ভানু বেগমের (৪৬) লাশ। তিনি রামপুরা টিভি টাওয়ার এলাকার হারুন ভান্ডারীর স্ত্রী।
এর আগে দুপুরে উদ্ধারকৃত কর হয় ঢাকার রামপুরা এলাকা শফিক মিয়ার মেয়ে রুবিনা আক্তার (৩০), রুবিনার মা সাফিয়া আক্তার (৪৬), রামপুরা এলাকার জয়বুন নেছা (৬৫) এবং তার দুই মেয়ে রানু আক্তার (৩২) ও শান্তা আক্তার (২৮) এর লাশ।
এছাড়াও ঘটনার দিন বৃহস্পতিবার বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরী দল নদীতে তল্লাশী চালিয়ে এক কিশোরী, দুই নারীসহ চারজনের লাশ উদ্ধার করে। তারা হলেন- ঢাকার রামপুরা এলাকার আব্দুস সাত্তার (৪০), তার মেয়ে লামিয়া আক্তার নদী (১২), জোহরা বেগম (৬০), কাঞ্চন বেগম (৬৫)।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর ইসলাম জানান, মেঘনা নদীতে আজ রোববার আরো পাঁচজনের লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ অন্যদের লাশ উদ্ধারের তৎপরতা চলছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে ৯০ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত ট্রলার রাজধানীর রামপুরা থেকে চাঁদপুরের মতলব থানার বেলতলী এলাকার লেংটার মেলায় যাচ্ছিল। পথে বিকেল সাড়ে ৫টার দিকে সোনারগাঁওয়ের চরকিশোরগঞ্জ এলাকায় মেঘনা নদীর প্রবল স্রোতে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারটি ডুবে যায়। ওই দিন রাত পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ ছিল প্রায় ২০ জন।

No comments:

Post a Comment