
সামরিক মহড়ার আয়োজন করে শক্তিমত্তা প্রদর্শনের একদিন পরই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে গিয়ে ব্যর্থ হয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, দেশটির একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কিছুক্ষণ পরই বিস্ফোরিত হয়ে যায়। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, সম্প্রতি উত্তর কোরিয়ার একাধিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক পরীক্ষা এবং পাল্টা পদক্ষেপ হিসেবে কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক অবস্থান গ্রহণের পরিপ্রেক্ষিতে ওই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য, উত্তরের চিরপ্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়ার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র।
আমেরিকার নৌবাহিনীর একটি রণতরী বহর সম্প্রতি কোরীয় উপদ্বীপে পৌঁছালে যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে মহড়ার আয়োজন করে উত্তর কোরিয়া। আর একদিন পরই গতকাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার চেষ্টা চালায় দেশটি। কিন্তু যুক্তরাষ্ট্র বলছে, উৎক্ষেপণের কয়েক সেকেন্ডের মাথায় সেটি বিস্ফোরিত হয়।
ব্যর্থ পরীক্ষা চালানোর কয়েক ঘণ্টা আগেও উত্তর কোরিয়া নিজেদের সামরিক মহড়ায় দূরপাল্লার একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে। উল্লেখ্য, গত কয়েক মাসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা লঙ্ঘন করে উত্তর কোরিয়া ৫টি পারমাণবিক পরীক্ষা ও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।
এদিকে বর্ধিষ্ণু উত্তেজনার মধ্যেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পৌঁছেছেন। তিনি সেখানে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক তৎপরতা মোকাবিলার উপায় নিয়ে আলোচনা করবেন। কয়েক দিন আগে দেশটিতে সফর করে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। তারও কয়েকদিন আগে সফর করে যান প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নিজেদের পূর্বাঞ্চলীয় সিনপো বন্দর থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর চেষ্টা করেছে উত্তর কোরিয়া। কিন্তু তা ব্যর্থ হয়েছে। পরে মার্কিন সামরিক বাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ড নিশ্চিত করে জানায়, ওই পরীক্ষা ব্যর্থ হয়েছে। মার্কিন নৌ কমান্ডার ডেভ বেনহাম বলেন, ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের পর প্রায় সঙ্গে সঙ্গেই বিস্ফোরিত হয়।
No comments:
Post a Comment