Sunday, April 2, 2017

সাংবাদিকদের কাছ থেকে ট্রাম্পের পলায়ন?

প্রেসিডেন্টকে নির্বাহী আদেশে স্বাক্ষরের কথা মনে
করাতে এগিয়ে গেলেন ভাইস প্রেসিডেন্ট পেন্স
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশ স্বাক্ষর করার অনুষ্ঠান থেকে বেরিয়ে গেছেন ওই আদেশের নথিতে স্বাক্ষর না করেই। বক্তব্য দিয়েই সাংবাদিকদের প্রশ্নের জবাব না দিয়ে সোজা দরজার দিকে ছোটেন তিনি। পরে তার পেছন পেছন ছুটে যান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। এ সময় তিনি দৃশ্যত স্বাক্ষরের কথা স্মরণ করিয়ে দেন ট্রাম্পকে। আর ট্রাম্প তাকে বলেন, নির্বাহী আদেশের নথি তার কক্ষে নিয়ে যেতে। অগত্যা ফিরে গিয়ে টেবিল থেকে ফাইল নিয়ে ট্রাম্পের পেছন চলে যান পেন্স। এমন বিব্রতকর ঘটনা ঘটেছে শুক্রবার। এ খবর দিয়েছে সিএনএন। অনুষ্ঠান চলাকালে মার্কিন নির্বাচনে রাশিয়ার সমপৃক্ততার বিষয়ে ট্রাম্পের সাবেক নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন এফবিআইয়ের কাছে সাক্ষ্য দিতে সম্মত হওয়ার বিষয়ে ট্রাম্পকে প্রশ্ন করেন হোয়াইট হাউস রিপোর্টাররা। প্রসঙ্গত, ট্রাম্পের এ সাবেক নিরাপত্তা উপদেষ্টা প্রেসিডেন্ট নির্বাচন চলাকালে রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন বলে অভিযোগ রয়েছে। কিন্তু তাদের প্রশ্নের জবাব না দিয়ে অন্য কক্ষে চলে যান ট্রাম্প। তার পিছু পিছু দুটি নির্বাহী আদেশের ফোল্ডার নিয়ে অনুসরণ করেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। ট্রাম্প অবশ্য পরে অনেকটা আড়ালেই ওই নির্বাহী আদেশ দুটির ফাইলে স্বাক্ষর করেন; যদিও এ স্বাক্ষর মিডিয়ার সামনে করার জন্যই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল।

No comments:

Post a Comment