Monday, April 17, 2017

শেরপুরে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৫

ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের সীমাবাড়ি বগুড়া বাজার এলাকায় একটি নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার খেয়ার ঘাট গ্রামের সাইদুল ইসলাম (৩০), মন্ডলপাড়া গ্রামের তারেক (২৭) ও আবদুল করিম (৪৫)।
আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল ও শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ইউনুস আলী জানান, রোববার রাত দেড়টার দিকে রাশেদ-রাকিব নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনাটি ঘটে। বগুড়া, শেরপুর ও সিরাজগঞ্জের ছয়টি ফায়ার সার্ভিসের ইউনিট রাতেই দুর্ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ পরিচালনা করে। দুর্ঘটনাস্থল থেকে তারা তিনজনের মৃতদেহ উদ্ধার করে এবং আহতদের মধ্যে ১৫ জনকে হাসপাতালে ভর্তি করে। আহত অন্যরা দুটি হাসপাতালে ভর্তি হয়েছেন। শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ষ্টেশন অফিসার সোহেল রানা জানান, বাসের ভিতরে চাপা পড়ে থাকা অবস্থায় নিহতদের উদ্ধার করা হয়েছে। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান জানান, এই দুর্ঘটনায় নিহত ও আহত সবাই ওই বাসের যাত্রী। এঘটনায় থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

No comments:

Post a Comment