Friday, April 7, 2017

‘আলাদা জোট করছি, তবে সরকারের বিরুদ্ধে নয়’



জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির সাথে আমরা একমত। বর্তমান সরকার অনেক উন্নয়ন করেছে উল্লেখ করে তিনি বলেন, সীমিত অর্থ দিয়ে সরকার এতো উন্নয়ন কিভাবে করছে এটা বিস্মিত হবার মতো।
আজ শুক্রবার বেলা ১১টায় শহরের বাংলা স্কুল খেলার মাঠে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এরশাদ আরো বলেন, আমরা আলাদা জোট করতে চাই। প্রায় ৩০টি ইসলামিক রাজনৈতিক দল মিলে এই জোট করব। এর অর্থ এই নয় যে, আমরা সরকারের বিরুদ্ধে। আমরা আমাদের দলকে আরো শক্তিশালী করতে চাই।
হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, যারা মানুষকে পুড়িয়ে মারে, নির্যাতন করে, তাদের সেই রাজনীতি আমরা সমর্থন করি না। আমরা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী।
তিনি বলেন, আওয়ামী লীগ ও আমাদের আদর্শ ও দল ভিন্ন হতে পারে। কিন্তু আমাদের উদ্যেশ্য একটাই, তাহলো- বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধি, তাই আগামীতে আমরা পরস্পর একসাথে কাজ করে দেশকে আরো উন্নয়নের দিকে নিয়ে যাবো।
এরশাদ বলেন, আওয়ামী লীগ অনেক শক্তিশালী দল। জাতীয় পার্টিও শক্তি সঞ্চয় করতে চায়। সামনের দিনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি দেশ পরিচালনা করবে উল্লেখ করে এরশাদ বলেন, জাতীয় পার্টিকে আরো সুসংহত করতে হবে।
জেলা জাতীয় পার্টির আহবায়ক কেফায়েত উল্লাহ নজিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য ও এলজিইডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি ও সুনীল শুভ রায় ।

No comments:

Post a Comment