
বিশ্ববিদ্যালয় ও ছাত্রলীগ থেকে বহিষ্কৃত এক নেতাকে জোর করে পরীক্ষায় অংশ নেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশ পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং জিরো পয়েন্ট এলাকায় এ সংঘর্ষ। বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম শহরে চলাচলকারী শাটল ট্রেন বন্ধ করে দিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ২৮ জন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় আহত পাঁচ পুলিশ সদস্য হলেন- কনস্টেবল রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, ইমাম হোসেন, শরিফুল ইসলাম ও এএসআই মহসীন আলী।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ছয় মাস আগে শৃঙ্খলাজনিত কারণে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ও চবি শাখা ছাত্রলীগের নির্বাহী কমিটির সদস্য আবদুল্লাহ আল কায়সার শাকিলকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সকালে তাকে পরীক্ষা দেওয়াতে শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী সকালে বিভাগে এসে জড়ো হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের সাথে আলোচনা করে শুরুতে তারা চলে যায়। কিছুক্ষণ পর আবার ছাত্রলীগ নেতাকর্মীরা জড়ো হলে পুলিশের সাথে তাদের ধাক্কাধাক্কি হয়। এরপর প্রশাসন পরীক্ষা স্থগিত করে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা আরও জানান, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ধাক্কাধাক্কির পর ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে গিয়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায়।
হাটহাজারী থানার এসআই আলাউদ্দিন বলেন, ছাত্রলীগ নেতাকর্মীরা ইঁট-পাটকেল নিক্ষেপ করায় বাধ্য হয়ে লাঠিচার্জ করতে হয়েছে। ইটের আঘাতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে। একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। ক্যাম্পাস জুড়ে পুলিশ বেপরোয়া লাঠিচার্জ করেছে। ছাত্রলীগের ২০ নেতাকর্মী আহত হয়েছে। সাধারণ শিক্ষার্থীরাও আহত হয়েছে।
এদিকে সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় রেল স্টেশন এলাকায় রেললাইনের ফিস প্লেট তুলে শাটল ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
No comments:
Post a Comment