Sunday, May 28, 2017

লিটন নন্দীসহ চারজনের জামিন

সুপ্রিম কোর্টের সামনে থেকে রোমান যুগের ন্যায়বিচারের প্রতীক লেডি জাস্টিসের আদলে গড়া ভাস্কর্যটি সরানোর প্রতিবাদে বিক্ষোভকালে গ্রেপ্তার বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দীসহ চারজনের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
রোববার ঢাকা মহানগর হাকিম এ কে এম মাইনউদ্দিন সিদ্দিকী শুনানি শেষে তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে শনিবার তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অন্যদিকে লিটন নন্দীসহ চারজনের আইনজীবীরা জামিনের আবেদন করেন। পরে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার ওই চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে রোববার জামিন শুনানির দিন ধার্য করেন।
গ্রেপ্তারকৃত অপর তিনজন হলেন- বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা কলেজ শাখার সভাপতি মোরশেদ আলীম, লালবাগ থানার সাংগঠনিক সম্পাদক আল-আমীন হোসেন জয় ও উদীচীর সম্পাদকম-লীর নেতা আরিফ নুর।
গত বৃহস্পতিবার গভীর রাতে সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ ভাস্কর্যটি সরিয়ে নেয়ার কাজ শুরু করে। এর প্রতিবাদে শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়। পুলিশ এ সময় কাঁদানে গ্যাস ও জলকামান থেকে জল ছিটিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। ওই ঘটনায় শুক্রবার রাতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দীসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৪০-১৫০ জনকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেন উপপরিদর্শক (এসআই) মোফাচ্ছারুল ইসলাম।

No comments:

Post a Comment