
সর্বোচ্চ
যাত্রীসেবার নিশ্চয়তাসহ সর্বনিম্ন ২০ হাজার ৬০ টাকায় ঢাকা-ব্যাংকক-ঢাকা
রুটের টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান
বাংলাদেশ এয়ারলাইনস। শনিবার বাংলাদেশ বিমানের পক্ষ থেকে এক সংবাদ
বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, পর্যটকদের চাহিদা ও
প্রতিযোগিতামূলক ভাড়ায় সব শ্রেণির যাত্রীদের আকৃষ্ট করতে বাংলাদেশ বিমানের
ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে আকর্ষণীয় এই ভাড়ায় সব ধরনের ট্যাক্স ও সারচার্জ
অন্তর্ভুক্ত। এ ছাড়া বাড়তি সুবিধা হিসেবে বিনা শুল্কে অতিরিক্ত লাগেজ নেয়ার
সুবিধা থাকছে। ইকোনমি ক্লাসে ঢাকা থেকে ব্যাংকক রুটে চেক ব্যাগেজে ২০
কেজির স্থলে ৩০ কেজি ও হ্যান্ড ব্যাগেজে ৭ কেজি মালামাল বহন করতে পারবেন।
আর বিজনেস ক্লাসের যাত্রীরা চেক ব্যাগেজে ৪০ কেজি ও হ্যান্ড ব্যাগেজে ৭
কেজি মালামাল বহন করতে পারবেন। এ ছাড়া ফিরতি ব্যাংকক-ঢাকা ফ্লাইটের ইকোনমি
ক্লাসের যাত্রীরা ৩৫ কেজি ও বিজনেস ক্লাসের যাত্রীরা ৪৫ কেজি চেক ব্যাগেজে
মালামাল নিতে পারবেন, সেই সঙ্গে হ্যান্ড ব্যাগেজে ৭ কেজি মালামাল বহন করার
সুযোগ থাকছেই। বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রতি সপ্তাহে ঢাকা-ব্যাংকক রুটে
ছয় দিন ফ্লাইট পরিচালনা করে। সোমবার ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশে ছেড়ে যায়
১১টা ০৫ মিনিটে এবং ব্যাংককে অবতরণ করে স্থানীয় সময় বেলা ২টা ৪৫ মিনিটে।
রবি, মঙ্গল ও শনিবার ঢাকা থেকে ছেড়ে যায় ১১টা ৫৫ মিনিটে ব্যাংকক পৌঁছে বেলা
৩টা ৩৫ মিনিটে। এ ছাড়া বুধ ও শুক্রবার ১১টা ৩০ মিনিটে ছেড়ে গিয়ে ব্যাংকক
পৌঁছে বেলা ৩টা ১০ মিনিটে। ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে সোম, বুধ ও শুক্রবার
ছেড়ে আসে বিকেল ৪টা ১৫ মিনিটে এবং ঢাকায় অবতরণ করে সন্ধ্যা ৬টায়। মঙ্গল,
শনি ও রোববারে ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে বিকেল ৪টা ৩৫ মিনিটে ও
ঢাকায় পৌঁছে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। বর্তমানে বহরের নতুন বোয়িং ৭৩৭-৮০০
এয়ারক্রাফট দিয়ে ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করছে বিমান
বাংলাদেশ এয়ারলাইনস।
No comments:
Post a Comment