Monday, May 22, 2017

ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের রাজধানী রিয়াদে বাদশাহ আবদুল আজিজ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে রোববার আরব ইসলামিক আমেরিকান শীর্ষ সম্মেলনে শেখ হাসিনার সঙ্গে ট্রাম্পের শুভেচ্ছা বিনিময় হয়। এ সময় ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা।
জবাবে ডোনাল্ড ট্রাম্প সফরের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সফরসঙ্গী পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক। এ সময় সেখানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল হক, উপ প্রেস সচিব মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানায়, সম্মেলন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব শহীদুল হক। তিনি বলেন, রোববার সম্মেলন শুরুর আগে বাদশাহ আবদুল আজিজ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দুই নেতা শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই আমন্ত্রণ ট্রাম্প গ্রহণ করেছেন। তিনি বাংলাদেশে আসবেন বলে আশা প্রকাশ করেছেন।
শহীদুল হক বলেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণের জবাবে ট্রাম্প বলেছেন, ‘হ্যাঁ, আমি আসব।’
এ দিন ট্রাম্প রিয়াদে ইসলামবিষয়ক এক বক্তব্য দেন। বক্তৃতায় ইসলাম ও সন্ত্রাসবাদের বিভিন্ন দিক তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, যুদ্ধটা বিভিন্ন বিশ্বাস, দল বা সভ্যতার মধ্যে নয়। এটা ওইসব নিষ্ঠুর সন্ত্রাসীদের সঙ্গে যুদ্ধ, যারা মানুষের জীবন কেড়ে নেয়। এ ছাড়া তাদের রক্ষা করতে যাওয়া মানুষদের জীবনও কেড়ে নেয়, তারা যে ধর্মেরই হোক না কেন।
সম্মেলনে শেখ হাসিনার সঙ্গে তাজাকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রাহমনের শুভেচ্ছা বিনিময় ও কথা হয়েছে। দুই নেতাই পরষ্পরকে সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলেও জানান পররাষ্ট্র সচিব।

No comments:

Post a Comment