
ফ্রান্সের
ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে আজ আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় আসছেন
এমানুয়েল ম্যাক্রন। সেই সঙ্গে তার চেয়ে ২৫ বছরের বড় ব্রিজিত হতে যাচ্ছেন
ফার্স্টলেডি। তাদেরকে বরণ করে নিতে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
প্রেসিডেন্টের বাসভবন এলিসি প্রাসাদে বিছানো হয়েছে লাল গালিচা। তার ওপর
দিয়ে হেঁটে প্রাসাদে প্রবেশ করবেন ম্যাক্রন । এ সময় বিদায়ী প্রেসিডেন্ট
ফ্রাঁসোয়া ওঁলাদে করমর্দন করে তাদেরকে স্বাগত জানাবেন। তবে এক্ষেত্রে একটি
ব্যত্যয় ঘটবে। নির্বাচিত প্রেসিডেন্ট ম্যাক্রন তার স্ত্রী ব্রিজিতকে সঙ্গে
করে প্রবেশ করার কথা এলিসি প্রাসাদে। কিন্তু যেহেতু ফ্রান্সে বর্তমানে কোন
ফার্স্টলেডি নেই তাই এক্ষেত্রে প্রটোকল ভেঙে আগেভাগেই এলিসি প্রাসাদে
প্রবেশ করবেন ব্রিজিত। তবে তার সঙ্গে থাকবেন অন্য অতিথিরা। এ খবর দিয়েছে
লন্ডনের অনলাইন দ্য টেলিগ্রাফ। এতে বলা হয়েছে, এলিসি প্রাসাদে বিদায়ী
প্রেসিডেন্ট ওঁলাদ ও নতুন প্রেসিডেন্ট ম্যাক্রন আধা ঘন্টার মতো রাষ্ট্রীয়
গোপনীয়তা নিয়ে আলোচনা করবেন। এ সময় ফ্রান্সের পারমাণবিক অস্ত্রের গোপনীয়
‘কোড’গুলো ম্যাক্রনের হাতে তুলে দেবেন ওঁলাদ। প্রেসিডেন্ট ওঁলাদের উপদেষ্টা
ও পরে তার অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এক পর্যায়ে ম্যাক্রন। তাই
তিনি এলিসি প্রাসাদ সম্পর্কে ভালভাবে জানেন। তা সত্ত্বেও তাকে ওই প্রাসাদ
ঘুরিয়ে দেখাবেন ওঁলাদে। এই প্রাসাদের নিচে অর্থাৎ ভূঅভ্যন্তরে রয়েছে একটি
বাঙ্কার। একে বলা হয় জুপিটার রুম। এটি খুব বিখ্যাত স্থান। ওঁলাদে নতুন
প্রেসিডেন্টকে সেখানে নিয়ে যাবেন। শেষ পর্যন্ত বিদায়ী প্রেসিডেন্টকে
রাজপ্রাসাদের সিঁড়ি পর্যন্ত এগিয়ে দেবেন নতুন প্রেসিডেন্ট ম্যাক্রন। ওঁলাদ
বিদায় হয়ে না যাওয়া পর্যন্ত তিনি সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করবেন। এ সময়
ম্যাক্রনের সঙ্গে থাকতে পারেন তার স্ত্রী, ফার্স্টলেডি ব্রিজিত। এ সময়
সারাবিশ্বের লাখ লাখ পর্যবেক্ষক এ দৃশ্য টেলিভিশনে সরাসরি অবলোকন করবে।
উল্লেখ্য, এক সময় বিদায়ী প্রেসিডেন্ট ওঁলাদের উপদেষ্টা ও পরে তার মন্ত্রী
থাকা ম্যাক্রন যখন নিজেই একটি রাজনৈতিক মুভমেন্ট শুরু করলেন তখন তাতে
ক্ষুব্ধ হয়েছিলেন ওঁলাদে। সেই ক্ষোভকে এখন পানি করে দিয়ে তাকেই স্বাগত
জানাতে হচ্ছে ম্যাক্রনকে। তাও আবার প্রেসিডেন্ট পদে। এক্ষেত্রে নিজের ভিতর
কোন পঙ্কিলতা, অস্পষ্টতা না রেখে তিনি বন্ধুত্বপূর্ণ পরিবেশে ক্ষমতা
হস্তান্তরের ইচ্ছা প্রকাশ করেছেন। এর এ দিনটিতে তাকেই তার সেই ম্যাক্রন
বিদায় জানাবেন এলিসি প্রাসাদ থেকে। তাকে বিদায় জানিয়ে রিপাবলিকান গার্ড
পর্যালোচনা করবেন তিনি। তাকে ২১ বার তোপধ্বনির মাধ্যমে সম্মান জানানো হবে।
এরপর তাকে চ্যাম্পস-এলিসিস বেয়ে নিয়ে যাওয়া হবে আর্ক ডি ট্রিওমফে’তে।
সেখানে তিনি অজ্ঞাত সেনাদের সমাধিতে শ্রদ্ধা জানাবেন। সরকারি কি ধরনের গাড়ি
তিনি ব্যবহার করবেন তা এখনও প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে তার টিম
No comments:
Post a Comment