Monday, May 22, 2017

দুর্নীতির মামলায় রানার বিচার শুরু

আর্থিক দুর্নীতির মাধ্যমে নকশা বহির্ভূতভাবে সাভারে ধসে পড়া রানা প্লাজা নির্মাণের অভিযোগে দায়ের করা দুর্নীতির মামলায় ভবন মালিক সোহেল রানা ও তার বাবা-মাসহ ১০ জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। গতকাল এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ৫ই জুলাই সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক এম আতোয়ার রহমান। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল গতকাল সাংবাদিকদের জানান, আদালত মামলা থেকে ৬ জনকে অব্যাহতি দিয়েছেন। আদালতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চেয়েছেন। এই মামলায় সোহেল রানা ছাড়া অন্য আসামিরা হলেন- তার বাবা আবদুল খালেক ওরফে খালেক, মা মর্জিনা বেগম, সাভার পৌরসভার সাবেক মেয়র রেফাত উল্লাহ, একই পৌরসভার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, সাবেক সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, সাবেক উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান, সাভার পৌরসভার সাবেক টাউন প্ল্যানার ফারজানা ইসলাম ও লাইসেন্স পরিদর্শক মো. আবদুল মোত্তালিব। ২০১৩ সালের ২৪শে এপ্রিল সকালে সাভারের রানা প্লাজা ধসে পড়ে। ভবন ধসে ১ হাজার ১৩৬ জন প্রাণ হারান। আহত হন সহস্রাধিক শ্রমিক। এদের অনেকেই চিরতরে পঙ্গুত্ববরণ করেন। রানা প্লাজা নির্মাণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ২০১৪ সালের ১৫ই  জুন দুদকের উপ-সহকারী পরিচালক এসএম মফিদুল ইসলাম সাভার মডেল থানায় মামলা করেন। প্রথমে ভবন মালিক সোহেল রানাকে বাদ দিয়ে ওই মামলায় তার বাবা-মাসহ ১৭ জনকে আসামি করা হয়। পরে ২০১৪ সালের ১৬ই জুলাই রানাসহ ১৮ জনের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা ও দণ্ডবিধি ও ১০৯ ধারায় অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। রানা প্লাজা ভবন ধসের হত্যা মামলার একটি ও ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে আরও একটি মামলা চলছে।

No comments:

Post a Comment