Thursday, June 15, 2017

পাহাড়ে বিপর্যয়- ১৫০ লাশ উদ্ধার, শোকের মাতম

পাহাড় ধসের ঘটনায় বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে পার্বত্যাঞ্চলে। গতকাল পর্যন্ত ১৫০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। স্বজনহারা মানুষের আহাজারিতে ভারি হয়ে উঠেছে বাতাস। আহত ও গৃহহীনরা মানবিক বিপর্যয়কর পরিস্থিতি পার করছেন। ক্ষতিগ্রস্ত মানুষদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। গতকাল রাঙ্গামাটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। পরে তিনি জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের সহায়তা ও পুনর্বাসনে সরকার সবকিছু করবে। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী রাঙ্গামাটিতে ১০৬ জন, চট্টগ্রামে ৩৫ জন, বান্দরবানে ৬ জন, কক্সবাজারে ২ জন এবং খাগড়াছড়িতে ১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। স্থানীয়রা দাবি করেছেন এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। মৃতের সংখ্যা দেড় শতাধিক হতে পারে বলে তাদের ধারণা। 
রাঙ্গামাটিতে নিহত বেড়ে ১০৬
সর্বশেষ প্রাপ্ত খবরে রাঙ্গামাটি জেলায় নিহতের সংখ্যা সর্বমোট ১০৬ জনে দাঁড়িয়েছে। রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান কন্ট্রোল রুমে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
এর মধ্যে রাঙ্গামাটি শহরে ৪ সেনা সদস্যসহ ৫৪ জন, কাউখালী উপজেলায় ২৩ জন, কাপ্তাই উপজেলায় ১৮ জন, জুরাইছড়িতে ৩ জন ও বিলাইছড়িতে ২ জন মারা গেছে। এর মধ্যে শিশু ৩২ জন, মহিলা ৩০ জন ও পুরুষ ৩৮ জন। নিখোঁজ রয়েছে অন্তত ২০ জন। আহত হয়েছেন ৭৭ জন। প্রাথমিক চিকিৎসা নিয়ে বেশ কয়েকজন চলে গেলেও ৩৪ জনের মতো রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

No comments:

Post a Comment