
ভয়াবহ
আগুন গ্রাস করেছে পশ্চিম লন্ডনের ২৭ তলাবিশিষ্ট একটি টাওয়ারকে। গত রাতে
সৃষ্ট এ আগুন নিভাতে কাজ করছেন ২ শত অগ্নিনির্বাপণকারী। তাদের সঙ্গে রয়েছে
অগ্নিনির্বাপণের ৪০টি ইঞ্জিন। কিন্তু কোনো কিছুতে নিভছে না আগুন। আগুনের
বলয় হয়ে জ্বলছে টাওয়ারটি। শুরুতে এর ভিতর থেকে কিছু বাসিন্দাকে সরিয়ে নেয়া
হলেও বাকিরা এর ভিতরে আটকা পড়ে আছেন বলে ধারনা করা হচ্ছে। কারণ, মধ্যরাতে
যখন অগ্নিকাণ্ডের সূচনা হয় তখন বেশির ভাগ মানুষ গভীর ঘুমে থাকার কথা। তাদের
অবস্থা কি হয়েছে তা জানা যায় নি। অনলাইন স্কাই নিউজ বলছে, কমপক্ষে দু’জন
এতে আহত হয়েছেন। টাওয়ারটি থেকে বাকিদের উদ্ধার করা হচ্ছিল। কিন্তু
টেলিভিশনে ও সামাজিক মিডিয়ায় ওই অগ্নিকাণ্ডের যে ছবি, ভিডিও প্রকাশ করা
হয়েছে তাতে এর ভিতরকার খুব কম মানুষকেই উদ্ধার করা সম্ভব। সামাজিক মিডিয়ায়
যে ফুটেজ দেখা যাচ্ছে তাতে ওই টাওয়ারটি পুরোপুরি একটি আগুনের গোলায় পরিণত
হয়েছে। অগ্নিশিখা ক্রমশ আকাশের দিকে উঠে যাচ্ছে। ফায়ার ব্রিগেড বলেছে, পুরো
ভবনে আগুন ছড়িয়ে পড়েছে। লন্ডন ফায়ার ব্রিগেডের সহকারী কমিশনার ড্যান ডেলি
বলেছেন, এই ভয়াবহ আগুনে কাজ করতে ফায়ার ফাইটারদের বলা হয়েছে
শ্বাস-প্রশ্বাসে সহায়ক পোশাক পরতে। এটা অত্যন্ত ভয়াবহ এক অগ্নিকা-। তিনি
বলেন, আগুন নিভাবে প্রচুর মানবসম্পদ ও অন্যান্য রিসোর্স ব্যবহার করা হয়েছে।
নেয়া হয়েছে স্পেশালিস্ট সুবিধা। ঘটনাস্থল থেকে স্কাই নিউজের প্রডিউসার
ড্যান কেয়ারনস বলেন, ভবনটির বাসিন্দাদের বলা হয়েছে, যদি এর ভিতর থেকে কোনো
সহায়তার আহ্বান জানানো হয় তাহলে তাদেরকে যেন বলা হয়, আত্মরক্ষার ব্যবস্থা
নিতে। নিজেকে রক্ষায় নিজেকেই ব্যবস্থা নিতে। বলা হয়েছে, এমন আত্মরক্ষার
জন্য তারা যেন মুখে কাপড় ধরেন এবং তারপর নিজেরাই বেরিয়ে আসার চেষ্টা করেন।
ঘটনাস্থলে উপস্থিত হয়েছে লন্ডন এম্বুলেন্স সার্ভিস। তারা তাদের বিপুল
সংখ্যক উৎস ব্যবহার করছে। দায়িত্ব পালন করছে হ্যাজার্ডাস এরিয়া রেসপন্স
টিম। লন্ডন মেয়র সাদিক খান টুইটে বলেছেন, কেনসিংটনে গ্রিনফেল টাওয়ারে বড়
ঘটনা ঘটেছে। আহ্বান জানাচ্ছি জনগণ যেন টুইটারে লন্ডন ফায়ার ব্রিগেডকে ফলো
করে। ঘটনার প্রত্যক্ষদর্শী রিও বলেছেন, আমি রান্নাঘরে ছিলাম। এমন সময়
অগ্নিকাণ্ডের এলার্ম শুনতে পাই। তাকিয়ে দেখি ভবনের ডান দিকের পুরোটাতে আগুন
জ্বলছে। এই ভবনের ঠিক উল্টো পাশে বাস করেন সেলেস্টে থমাস। তিনি বলেন,
উদ্ধার অভিযানের পর ভবনের বাসিন্দারা তাদের পরিবারের সদস্যদের খুঁজছিলেন
হন্যে হয়ে। পুলিশ সবাইকে সরিয়ে নিয়েছে। কিন্তু ভবনটি থেকে আগুনে পুড়ে
বিভিন্ন জিনিসপত্র নিচে পড়ছে। কড় কড় শব্দ হচ্ছে। মনে হচ্ছে পুরো ভবন ফুটছে।
উল্লেখ্য, এ টওয়ারটি ল্যাঙ্কাস্টার ওয়েস্ট এস্টেটে অবস্থিত।
No comments:
Post a Comment