Monday, June 12, 2017

গাদ্দাফির ছেলের মুক্তি বিষয়ে তদন্ত শুরু

লিবিয়ার অ্যার্টনি জেনারেল ইব্রাহিম মাসুদ আলী রোববার বলেছেন, সরকারি কৌঁসুলির দফতর দেশটির সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাজাপ্রাপ্ত সাইফ আল-ইসলাম গাদ্দাফিকে কারা মুক্তি দিয়েছে সে ব্যাপারে তদন্ত শুরু করেছে।
এক বিবৃতিতে আলী বলেন, সাইফ আল-ইসলাম গাদ্দাফির মুক্তির খবরের ভিত্তিতে আদালতের নির্দেশ অনুযায়ী তাকে খোঁজা হচ্ছে, সুষ্ঠু বিচারের স্বার্থে যাতে তার বিচার করা যায়। এর আগে তার অনুপস্থিতিতেই বিচার ও তাকে সাজা দেয়া হয়।
বিবৃতিতে আরো বলা হয়, যুদ্ধে ভুক্তভুগি পরিবারের পক্ষ থেকে দায়মুক্তি পেলেই কেবলমাত্র তাকে ছেড়ে দেয়া সম্ভব।
আলী বলেন, সরকারি কৌঁসুলির দফতর গাদ্দাফির ছেলের মুক্তি পাওয়ার বিষয়ে তদন্ত শুরু করেছে। তিনি আরো বলেন, তার মুক্তিতে কাদের হাত রয়েছে তদন্তে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তবে একটি সশস্ত্র গ্রুপ দাবি করছে, তারা গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফিকে মুক্ত করে নিয়ে গেছে।
উল্লেখ্য, গাদ্দাফি পুত্র (৪৫) রাজধানী ত্রিপোলির দক্ষিণ-পশ্চিমের শহর জিনতানে একটি মিলিশিয়া গ্রুপের হাতে ২০১১ সাল থেকে বন্দি ছিলেন। লিবিয়ায় যুদ্ধ চলাকালে বিক্ষোভকারীদের হত্যার প্ররোচনা দেয়ায় তাকে অভিযুক্ত করা হয়।
ত্রিপোলির এক আদালত ২০১৫ সালে গাদ্দাফি সরকারের সাবেক কয়েকজন কর্মকর্তারা সাথে সাইফকেও মৃত্যুদণ্ড দেয়। যদিও, পূর্বাঞ্চল ভিত্তিক পার্লামেন্ট এই রায়ের পরপরই সাইফকে মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি দেয়। সাইফের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতেও অভিযোগ রয়েছে।

No comments:

Post a Comment