
অর্থমন্ত্রী
আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ব্যাংকে আমানতের ওপর কর ধার্য নতুন কিছু নয়।
এটা আগে থেকেই ছিল। আমরা বরং সীমা পরিবর্তন করেছি। এবার সীমা বাড়ানো
হয়েছে। একই সঙ্গে কিছুটা রেটও বাড়ানো হয়েছে। তবে এটা নিয়ে যে আলোচনা হচ্ছে
তা খামাখা কথা। গতকাল শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে ‘ফরেইন এইড
ম্যানেজমেন্ট সিস্টেম’ (এফএএমএস) সফটওয়্যারের উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাজেট
নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী এসব কথা বলেন। বাজেটে
পরিসংখ্যানগত বিভ্রান্তি থাকার যে অভিযোগ সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)
তাদের বাজেট প্রতিক্রিয়ায় করেছে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে অর্থমন্ত্রী
‘রাবিশ’ বলে তা উড়িয়ে দেন। অর্থমন্ত্রী বলেন, আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে
চূড়ান্ত ফিগার দেয়া হবে। আমি আশা করছি চূড়ান্ত হিসাবেও প্রবৃদ্ধি ৭.২ ভাগ
হবে। এ সময় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, প্রবৃদ্ধির হিসাব
নিয়ে বিতর্কের কোনো বিষয় দেখি না। বিশ্ব ব্যাংক ক্লিয়ারলি বলে দিয়েছে,
তাদের যে ফিগার, সেটা একটা এস্টিমেশন, একটা প্রোজেকশন থেকে। কতগুলো অনুমান
থেকে তারা এ ফিগারগুলো দিয়েছে। আর সরকার যেসব তথ্য দিয়েছে, তা জরিপের
মাধ্যমে সংগ্রহ করা হয়েছে বলে পরিকল্পনামন্ত্রী জানান। এর আগে এফএএমএস
সফটওয়্যারের উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, বিদেশি সাহায্যপুষ্ট
প্রকল্পগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অনলাইন যোগাযোগ ও
তথ্যভাণ্ডার হিসেবে কাজ করবে এই সফটওয়্যার। অর্থমন্ত্রী অনুষ্ঠানে বলেন, এই
সফটওয়্যারের মাধ্যমে বিদেশি সহায়তার অর্থে নেয়া প্রকল্পের অগ্রগতির তথ্য
ইআরডি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো জানতে পারবে। এতে আমি খুব খুশি। এখন থেকে
ইআরডি ও অন্য প্রতিষ্ঠানগুলো আপডেট জানতে পারবে। এর ফলে জবাবদিহিতা বাড়বে।
বিদেশি সহায়তার ব্যবহার, চলমান প্রকল্পের অগ্রগতি, প্রকৃত অর্থছাড়,
পরিবীক্ষণসহ প্রয়োজনীয় সব ধরনের তথ্য এ সফটওয়্যারে সন্নিবেশিত থাকবে বলে
অনুষ্ঠানে জানানো হয়।
No comments:
Post a Comment