Saturday, July 29, 2017

পাকিস্তান ইস্যুতে সতর্ক প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের

পাকিস্তানে রাজনৈতিক পটপরিবর্তনের পর ক্ষমতার মসৃণ হাতবদল আশা করছে যুক্তরাষ্ট্র। শুক্রবার পাকিস্তানের সুপ্রিম কোর্টের রায় ও নওয়াজ শরীফের পদত্যাগের পর এমন সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। এ ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসন দক্ষিণ এশিয়া নিয়ে নতুন কৌশল চূড়ান্ত করতে ব্যস্ত রয়েছে। যুক্তরাষ্ট্রের সিনিয়র কর্মকর্তারা বলছেন, দক্ষিণ এশিয়া বিষয়ক নতুন ওই কৌশল বা স্ট্রাটেজিতে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে পাকিস্তানের। এসব নিয়ে একটি মাস্টার প্লান তৈরিতে ব্যস্ত রয়েছে নিরাপত্তা ও পরাষ্ট্র বিষয়ক উপদেষ্টাদের একটি টিম। তাই এমন সময়ে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতিতে কোনো বিবৃতি দেয়া থেকে বিরত রয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ও পেন্টাগন। এ খবর দিয়েছে অনলাইন ডন। এতে বলা হয়েছে, শুক্রবার পাকিস্তানের ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য জানতে চাইলে মুখপাত্র বলেছেন, এটা পাকিস্তানের আভ্যন্তরীণ বিষয়। পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচন করবে সেদেশের পার্লামেন্ট। এরপর সেখানে ক্ষমতার মসৃণ হাতবদল দেখতে চাই আমরা। এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছে যে, এ সপ্তাহে ভারত ও পাকিস্তান সফরে আসছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যালিস ওয়েলস। তার এ সফর পাকিস্তান সরকারের জন্য পররাষ্ট্র নীতি ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

No comments:

Post a Comment