
সৌদি
আরবের নাজরানা প্রদেশে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে পাঁচ বাংলাদেশিসহ ১১ শ্রমিকের
মৃত্যু হয়েছে। নিহত অপর ছয়জন ভারতীয় নাগরিক। গতকাল রাতে ওয়েজ আর্নার্স
কল্যাণ বোর্ডের পরিচালক মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি
জানিয়েছেন, এ ব্যাপারে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তবে নিহতদের পরিচয়
নিশ্চিত হওয়ার পর তারা লাশ আনার ব্যাপারে উদ্যোগ নেবেন। এদিকে সৌদি
কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, বুধবার জানালাবিহীন একটি বাড়িতে
অগ্নিকা-ের ফলে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে।
এএফপি’র খবরে বলা হয়, পুরাতন ওই বাড়িতে আগুন লাগার পর অগ্নিনির্বাপক
কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে জানালা না থাকায় বাতাস প্রবেশ করতে
পারেনি। ওই ঘটনায় নিহত ১১ জন ছাড়াও আহত হন ছয়জন। নিহতদের সবাই ভারতীয় ও
বাংলাদেশি নাগরিক। এদিকে সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে গালফ নিউজের খবরে
অভিন্ন তথ্য প্রচার করা হয়। বলা হয় দেশটির দক্ষিণে নাজরান প্রদেশের ফায়ার
সার্ভিস এক টুইট বার্তায় বলেছে, ‘ফায়ার সার্ভিসের সদস্যরা জানালাবিহীন এমন
একটি ঘরের আগুন নিভিয়েছে, যেখানে বায়ু চলাচলের ব্যবস্থা নেই। এতে ১১ জন
মারা গেছেন। আহত হয়েছে ছয়জন।’ টুইট বার্তায় বলা হয়, নিহত ব্যক্তিদের সবাই
ভারত ও বাংলাদেশের। এনিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি দূতাবাসে যোগাযোগ
করা হলে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি। বলা হয়েছে ঘটনার বিস্তারিত জেনে
আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
No comments:
Post a Comment