
রোহিঙ্গা
সংকট নিয়ে জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে আজ মঙ্গলবার বিশেষ
অধিবেশন আহ্বান করেছে বাংলাদেশ। এতে রোহিঙ্গা সংকট নিরসনের লক্ষ্যে একটি
সর্বসম্মত প্রস্তাব গ্রহণের লক্ষ্যে বাংলাদেশের পক্ষ থেকে চেষ্টা করা
হচ্ছে। অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র
প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। ঢাকা ও জেনেভার কূটনৈতিক সূত্রগুলো এসব
তথ্য জানিয়েছে। সংশ্লিষ্ট সূত্রমতে, বাংলাদেশ, চীন ও ভারতসহ ৪৭ দেশ জাতিসংঘ
মানবাধিকার কাউন্সিলের সদস্য। এই কাউন্সিলের বিশেষ অধিবেশন ডাকার জন্য
এক-তৃতীয়াংশ অর্থাত্ ১৬টির বেশি দেশের সমর্থন প্রয়োজন। তবে কাউন্সিলের
৩০টির বেশি দেশ বাংলাদেশের প্রস্তাবের কো-স্পন্সর হওয়ায় অধিবেশন ডাকা এবং
প্রস্তাব পাস করাতে কোনো সমস্যা নেই। ঢাকায় কূটনৈতিক সূত্রে জানা গেছে,
জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের বিশেষ অধিবেশন ডাকার সিদ্ধান্ত রোহিঙ্গাদের
মিয়ানমারে ফেরত পাঠাতে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় চুক্তি সই
হওয়ার আগেই নেয়া হয়েছিল। এখন চুক্তি সই হয়ে যাওয়ায় প্রস্তাবের ভাষায় কিছুটা
পরিবর্তন আনা হচ্ছে। জেনেভায় বাংলাদেশের মিশনে নিযুক্ত এক কূটনীতিক
সোমবার টেলিফোনে যুগান্তরকে বলেন, বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের চুক্তি সই
হওয়ার বিষয়টি খসড়া প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। তবে চুক্তির বাইরের অনেক
ইস্যু রোহিঙ্গা সংকটে রয়েছে। তার মধ্যে রোহিঙ্গাদের নাগরিকত্ব ইস্যু,
তাদের বিরুদ্ধে মানবাধিকার লংঘনের ইস্যু। এসব বিষয় প্রস্তাবে উল্লেখ করা
হয়েছে।' তিনি আরও বলেন, 'বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাবটি সর্বসম্মতভাবে
পাস করানোর চেষ্টা করা হচ্ছে। তবে চীনের বিরোধিতার কারণে প্রস্তাবটি
সর্বসম্মত পাস নাও হতে পারে।' তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছুই বলেননি তিনি।
No comments:
Post a Comment