Sunday, December 3, 2017

জামালগঞ্জে কলেজ শিক্ষক খুন : খুনীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

সুনামগঞ্জের জামালগঞ্জ ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক আবু তৌহিদ জুয়েলকে হত্যার ঘটনায় ধর্মপাশা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মরহুমের বড় ভাই শুয়েব মিয়া ১১ জনকে আসামি করে গত শুক্রবার মামলা দায়ের করেছেন। মামলার পরই পুলিশ ৩ আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। এদিকে শনিবার দুপুরে মরহুমের কর্মস্থল জামালগঞ্জ ডিগ্রী কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা আবু তৌহিদ জুয়েলের খুনীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবিতে উপজেলা সদরে বিক্ষোভ করেছেন। বিক্ষোভ পরবর্তী কলেজ প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসন, আইশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেত্রীবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ, কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুরঞ্জিত তালুকদার বলেন, কলেজ শিক্ষক খুনের ঘটনায় তার বড় ভাই শুয়েব বাদী হয়ে ১১জনকে আসামি করে মামলা করেছেন। ৩ জন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে, বাকিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। উল্লেখ্য, বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজনের হামলায় জামালগঞ্জ ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক আবু তৌহিদ অরফে জুয়েল (৩৬) শুক্রবার খুন হন। গত শুক্রবার ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের কাকিয়াম গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত জুয়েল কাকিয়াম গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি জামালগঞ্জ ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন তিনি। শনিবার বিকেল ৫টায় তার নিজ গ্রাম কাকিয়ামে দ্বিতীয় জানাযা শেষে পঞ্চায়েতি কবর স্থানে দাফন করা হয়েছে।

No comments:

Post a Comment