Wednesday, December 27, 2017

গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। আজ বুধবার ভোর পাঁচটার দিকে রংপুর-বগুড়া মহাসড়কের বিহারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, চালক নিয়ন্ত্রণ হারালে যাত্রীবাহী বাস গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনের মধ্যে দুজন বাসযাত্রী ও একজন এলাকার ভাটাশ্রমিক। নিহত যাত্রী দুজনের পরিচয় জানা যায়নি। তবে ভাটাশ্রমিকের নাম জব্বার আলী (৫৫)।
তাঁর বাড়ি উপজেলার হাররামপুর গ্রামে। এ ঘটনায় গুরুতর আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে সাদ্দাম এন্টারপ্রাইজ নামের যাত্রীবাহী বাস রংপুরের দিকে যাচ্ছিল। মহাসড়কের বিহারপুর এলাকায় পৌঁছালে চালক বাসটির নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। শিবগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

No comments:

Post a Comment