Monday, December 4, 2017

আরো এক ধাপ এগিয়ে গেলো ইরান

চিকিৎসা ও শিল্প খাতে ব্যবহার উপযোগী পারমাণবিক ব্যাটারি তৈরির প্রযুক্তি অর্জন করেছে ইরান। এ খবর দিয়েছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধানের উপদেষ্টা আসকার জারেয়ান। তিনি আজ তেহরানে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও ব্রিটেনের পর বিশ্বের পঞ্চম দেশ হিসেবে পারমাণবিক ব্যাটারি তৈরির প্রযুক্ত রপ্ত করল ইরান। তিনি আরো বলেন, কার্ডিয়াক পেসমেকার ও ল্যাপটপ তৈরির কাছে এই প্রযুক্তি ব্যবহার করা যাবে। এ ছাড়া, এর সাথে অতিরিক্ত কিছু অ্যাপ্লিকেশন যোগ করে এটিকে তেল খাত ও কৃত্রিম উপগ্রহ স্থানান্তরের কাজে ব্যবহার করা সম্ভব। আসকার জারেয়ান বলেন, বিদেশি প্রতিষ্ঠানগুলোর সাথে দেশীয় কোম্পানির সহযোগিতা শক্তিশালী করার মাধ্যমে এই প্রযুক্তির বাণিজ্যিকীকরণ করার পদক্ষেপ নেবে তেহরান। ছয় জাতিগোষ্ঠীর সাথে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বাস্তবায়নের মাধ্যমে পরমাণু কর্মসূচির ক্ষেত্রে ইরানের সামনে সম্ভাবনার নতুন অনেক দিগন্ত খুলে গেছে বলেও তিনি জানান। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধানের উপদেষ্টা আরো বলেন, অস্ট্রিয়ার সাথে সহযোগিতার মাধ্যমে ইরানের পশ্চিমাঞ্চলীয় আলবোর্জ প্রদেশে দেশের প্রথম আয়ন থেরাপি সেন্টার স্থাপন করা হবে যার আনুমানিক ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি ডলার। জারেয়ান বলেন, আয়ন থেরাপি প্রযুক্তি ব্যবহারের দিক দিয়ে ইরান হবে বিশ্বের ষষ্ঠ দেশ। ক্যান্সারসহ আরো কিছু দুরারোগ্য ব্যাধির চিকিৎসায় আয়ন থেরাপি ব্যবহৃত হয়।
ইরানে চাবাহার বন্দরের প্রথম ধাপ উদ্বোধন
ইরানের কৌশলগত চাবাহার বন্দরের প্রথম ধাপের কাজ রোববার উদ্বোধন করেছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। পাকিস্তানকে পাশ কাটিয়ে ইরান, আফগানিস্তান ও ভারতের মধ্যে ট্রানজিট রুটের অংশ হিসেবে এই বন্দর নির্মাণ করা হচ্ছে। ইরান ও ভারতের মধ্যে পারস্পরিক ও আঞ্চলিক সহযোগিতা বাড়ানো ও শক্তিশালী করার লক্ষ্যে প্রকল্পের প্রথম ধাপে ৩৪০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে শহীদ বেহেশতি বন্দর নির্মাণ সম্পন্ন হয়েছে। ‘দ্বিতীয় ধাপের কাজ শেষ না হওয়া পর্যন্ত তেহরান ভারত সরকারকে বন্দরটির প্রথম ধাপের নির্মাণকাজ পরিচালনা করতে বলেছে। শহীদ বেহেশতি বন্দর উদ্বোধনের সময় ভারত, আফগানিস্তান, কাতার ও পাকিস্তানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, চাবাহার বন্দর প্রকল্প বাস্তবায়নের বিষয়ে পর্যালোচনা করতে তেহরানে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ একদিন আগে বৈঠক করেন। স্থলবেষ্টিত মধ্য এশিয়ার দেশগুলোর সাথে বাণিজ্যিক যোগাযোগ বাড়াতে গত বছর ভারত, আফগানিস্তান ও ইরান একটি যৌথ সিদ্ধান্ত গ্রহণ করে। চাবাহার বন্দর নির্মাণ ও তার সাথে সংযুক্ত রাস্তাঘাট ও রেললাইন নির্মাণের জন্য ভারত ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের প্রতিশ্রুতি দিয়েছে। এ সমঝোতার পর তেহরান ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। তবে, ইরান পাকিস্তানকে আশ্বস্ত করেছে যে, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের আওতায় যে গোয়াদর বন্দর আধুনিকায়ন করা হচ্ছে, চাবাহারকে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্মাণ করা হচ্ছে না। পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে ভারতীয় পণ্য আফগানিস্তানে সরবরাহ করতে দিচ্ছে না পাকিস্তান। চাবাহার বন্দর নৌ ও স্থলপথের মাধ্যমে আফগানিস্তানের সাথে যোগাযোগের সুযোগ করে দেবে ভারতকে।- এপি

No comments:

Post a Comment