Saturday, January 13, 2018

কনকনে শীত থাকতে পারে আরও দু–এক দিন

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে গতকাল ভোর
থেকে প্রায় সাত ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। ফলে
উভয় ঘাটে আটকা পড়ে শত শত যানবাহন।
সকালে দৌলতদিয়া ঘাট এলাকা। প্রথম আলো
চলমান শৈত্যপ্রবাহ আরও এক-দুই দিন থাকতে পারে। দেশের বেশির ভাগ এলাকায় গতকাল শুক্রবার রাত ও ভোরে তাপমাত্রা বাড়লেও দিনে কমেছে। দিনের তাপমাত্রা এক দিনের ব্যবধানে ৩ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। ফলে দিনেও অনুভূত হচ্ছে তীব্র শীত। দিন-রাত ধরে চলা শৈত্যপ্রবাহ দেশের বেশির ভাগ মানুষকে পর্যুদস্ত করে ফেলেছে। ঘন কুয়াশার কারণে গত বৃহস্পতিবার রাত থেকে সাত ঘণ্টার জন্য বন্ধ ছিল রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথ এবং মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের কাঁঠালবাড়ী নৌপথে ফেরি চলাচল।  গতকাল চট্টগ্রাম বিভাগের দু-একটি জেলা বাদে প্রায় পুরো দেশ হাড়কাঁপানো শীতে ছিল জবুথবু। আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ বলছে, আরও দুই-এক দিন চলবে শৈত্যপ্রবাহ। আজ শনিবারও দেশের বেশির ভাগ নদীতীরবর্তী এলাকা ও অন্যান্য স্থানে ঘন কুয়াশা থাকতে পারে। দেশের মধ্য ও উত্তরাঞ্চলে কুয়াশা দুপুর পর্যন্ত চলতে পারে। ফলে যানবাহন চলাচল বিঘ্নিত হওয়ার পাশাপাশি মানুষের স্বাভাবিক চলাচলে সমস্যা হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল মান্নান এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, শৈত্যপ্রবাহটি শুরু হয়েছিল মূলত জেট বায়ু নামে একটি শীতল বাতাসের প্রবাহ ও উপমহাদেশীয় উচ্চ চাপবলয় একসঙ্গে বাংলাদেশের ওপর সক্রিয় হয়ে পড়ায়। জেট বায়ুটি বাংলাদেশের ওপর থেকে সরে গেলেও উচ্চ চাপবলয়টি এখনো সক্রিয়। ফলে শৈত্যপ্রবাহটি সক্রিয় রয়েছে এবং এটি আরও এক-দুই দিন থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, গত বৃহস্পতিবার দেশের উত্তর ও মধ্যাঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এক লাফে তা কমে ১২ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়লেও অনেক এলাকায় তা এখনো ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে। একই সঙ্গে বেশির ভাগ এলাকার ওপর মাঝারি থেকে ঘন কুয়াশা ছিল। আর থেমে থেমে ঠান্ডা বাতাসও বয়ে গেছে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নওগাঁর বদলগাছিতে ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি। দেশের অন্যান্য এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রির নিচে ও সামান্য ওপরে। এসব এলাকায় আজও একই ধরনের তাপমাত্রা থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

No comments:

Post a Comment