
ময়মনসিংহের
হালুয়াঘাটে ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে বন্ধুদের ছুরিকাঘাতে দুই কলেজ
ছাত্র খুন হয়েছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হালুয়াঘাটে উপজেলার
সাহাপাড়ায় এ ঘটনা ঘটে। এসময় পলাশ ও সিরাজুল নামে দুই যুবক আহত হয়। পুলিশ ও
স্থানীয় সাংবাদিকরা জানান, উপজেলা সদরের সাহাপাড়ায় স্থানীয় যুবকরা প্রতিদিন
সন্ধ্যার পর ব্যাটমিন্টন খেলে। শুক্রবার খেলা নিয়ে দু’পক্ষের মধ্যে ঝগড়া
হয়।
শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এনিয়ে বাগ্বিতণ্ডার এক পর্যায়ে
প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজ ছাত্র আকাশ (২৪), সৌরভ (২৩), পলাশ (২২) ও
সিরাজুল (২৪) গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদেরকে উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকাশ ও সৌরভকে মৃত ঘোষণা করেন।
আকাশ হালুয়াঘাট শহীদ স্মৃতি কলেজের অধ্যাপক মজিবুর রহমানের ছেলে এবং সৌরভের
বাবার নাম আনোয়ার হোসেন। উভয়ই পূর্বকাচারিপাড়ার বাসিন্দা। দু’জনই কলেজ
ছাত্র বলে জানা যায়। হালুয়াঘাট থানার ওসি কামরুল ইসলাম মিয়া খবরের সত্যতা
নিশ্চিত করেছেন। তবে রাতে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
No comments:
Post a Comment