
পরীক্ষায়
প্রশ্নপত্র ফাঁস বন্ধ না হলে শিক্ষা খাতকে দুর্নীতিমুক্ত করা সম্ভব নয় বলে
মন্তব্য করেছেন দুদকের (দুর্নীতি দমন কমিশন) কমিশনার নাসিরউদ্দিন আহমেদ।
আজ রোববার বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে দুদক আয়োজিত ‘মাধ্যমিক পর্যায়ে
দুর্নীতিমুক্ত মানসম্মত শিক্ষা’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির
বক্তব্যে দুদক কমিশনার বলেন, শিক্ষা খাতকে শতভাগ দুর্নীতিমুক্ত করতে হলে
আগে পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে হবে। পাশাপাশি কোচিং ব্যবসা বন্ধে
সরকারকে কঠোর হতে হবে। এ ছাড়া শিক্ষক নিয়োগ-প্রক্রিয়াকে শতভাগ
দুর্নীতিমুক্ত করতে হবে, শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের দক্ষতা বাড়াতে হবে,
শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি ও পরিচালনা পর্ষদকে রাজনৈতিক
প্রভাবমুক্ত রাখতে হবে। তা না হলে শিক্ষা খাতকে দুর্নীতিমুক্ত করা সম্ভব
নয়। দুদকের বগুড়ার সমন্বিত কার্যালয় আয়োজিত স্কুল-কলেজের প্রধান শিক্ষক,
অভিভাবক, ব্যবস্থাপনা কমিটি ও পরিচালনা পর্ষদের সভাপতি এবং জেলা ও উপজেলা
পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতিদের নিয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় আরও
বক্তব্য দেন দুদকের মহাপরিচালক মো. জাফর ইকবাল, পরিচালক মো. মনিরুজ্জামান ও
আজিজ ভুঁইয়া, দুদকের বগুড়া সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ারুল হক,
পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক আবদুল মতিন প্রমুখ। সোমবার সকাল ১০টায়
সারিয়াকান্দি উপজেলা পরিষদ চত্বরে দুর্নীতি নিয়ে আয়োজিত ‘গণশুনানি’
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন দুদক কমিশনার নাসিরউদ্দিন আহমেদ। দুদক ও
টিআইবি (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল) যৌথভাবে এই গণশুনানি অনুষ্ঠানের
আয়োজন করেছে।
No comments:
Post a Comment