Wednesday, January 17, 2018

এক কুকুরেই ১৯ ঘা

একটি পাগলা কুকুরে পাশাপাশি তিনটি গ্রামের ১৯ জনকে কামড়েছে। এদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। ঘটনাটি ঘটেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া, বড়ইছুটি ও হিজলহাটি গ্রামে। এ ছাড়া দুটি গরুকেও কামড়েছে কুকুরটি। কুকুরের কামড়ে আহত ব্যক্তিরা গতকাল মঙ্গলাবার বিকেলে ও আজ বুধবার সকালে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। এলাকাবাসী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার বাড়ইপাড়া এলাকার একটি পাগলা কুকুর গতকাল বিকেলে সড়ক দিয়ে হিজলহাটির দিকে যাচ্ছিল। যাওয়ার সময় পথে যাকে পেয়েছে, তাকেই কামড়ে দিয়েছে। আজ ভোরে হিজলহাটি জামে মসজিদের ইমাম শাকিল আহমেদ (২৬) ফজরের নামাজের পর মসজিদের বারান্দায় ঘুমিয়ে ছিলেন।
এ সময়ে ওই পাগলা কুকুর তাঁর কপালে কামড়ে দেয়। পরে এলাকাবাসী ধাওয়া করলে কুকুরটি বাড়ইপাড়ার দিকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময়ও আজ সকালে আরও তিনজনকে কামড়ে দিয়েছে। হাসপাতাল থেকে আহত ব্যক্তিদের নাম পাওয়া গেছে। তারা হলো শ্রী লাল (৮), সুরাইয়া আক্তার (৫), সাথী আক্তার (৮), মনি আক্তার (১১), মেহেদী হাসান (১৮), রুমা পারভীন (৮), অসিফা আক্তার (৮), আতিকুল ইসলাম (১৬), শাকির হোসেন (২০), জান্নাতুল (৭), আলিফা আক্তার (৫), মারুফ হাসান (৯), সেলিনা আক্তার (২৫), খায়রুল ইসলাম (৪০), ইসরাফিল হোসেনের (১২), মোসলেম মৃধা (৩৫), হাবিবুল্লা (৮) ও রুমান হোসেন (৯)। এ ছাড়া হিজলহাটি গ্রামের মো. মতি মিয়া ও ইউনুছ আলীর দুটি গরুকেও কামড়েছে। হিজলহাটি গ্রামের মোসলেম মৃধা বলেন, সকালে বাড়ির পাশে দাঁড়িয়ে রোদ পোহাচ্ছিলেন। এমন সময় লাল রঙের একটি কুকর তাঁর দিকে তেড়ে আসে। কুকুরটিকে তাড়া করলে পায়ে কামড়ে পালিয়ে যায়। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক প্রবীর কুমার সরকার বলেন, হাসপাতালে এ পর্যন্ত ১৯ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া কুকুরে কামড়ের বিষয়টি থানা-পুলিশকে জানানো হয়েছে।

No comments:

Post a Comment