Sunday, February 4, 2018

খালেদা জিয়ার পথসভা নিয়ে বৈঠক, ৪ বিএনপি নেতা আটক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিলেট সফরে যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি পথসভা আয়োজনের জন্য পরামর্শ বৈঠক থেকে আটক হয়েছেন দলটির চার নেতা। শনিবার দিবাগত মধ্যরাতে আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবু আসিফ আহমেদের বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আটক নেতারা হলেন- উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক মো. আব্দু মিয়া, আশুগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর ও বিএনপি নেতা মো. আব্দুস সালাম। আবু আসিফ আহমেদ যুগান্তরকে বলেন, সোমবার খালেদা জিয়া সিলেটে হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করতে যাবেন। এ সময় আশুগঞ্জ উপজেলা বিএনপি একটি পথসভার আয়োজন করবে। এর প্রস্তুতি নিতে পরামর্শসভা চলছিল। এ সময় পুলিশ অতর্কিত অভিযান চালায় এবং আমাদের চার নেতাকে ধরে নিয়ে যায়। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন যুগান্তরকে বলেন, আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবু আসিফ আহমেদের বাসায় গোপন মিটিং চলছে, এমন খবর পেয়ে রাত ১২টায় অভিযানে নামে পুলিশ। এ সময় ওই চার নেতাকে আটক করা হয়। আটক বিএনপি নেতাদের রোববার আদালতে পাঠানো হয়েছে। তবে তাদের কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে, তা নিশ্চিত করে বলতে পারেননি অতিরিক্ত পুলিশ সুপার।

No comments:

Post a Comment