
বড়
ধরনের ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষাকারী ‘মাফলার বীর’ খ্যাত রাজশাহীর দুই
শিশু সিহাবুর রহমান (৬) ও লিটন আলীকে (৭) সংবর্ধনা দেবে যুগান্তর।
বৃহস্পতিবার যুগান্তরের ১৯ বছর পদার্পণ উপলক্ষে দেশব্যাপী প্রশংসিত এ দুই
শিশুকে সংবর্ধিত করা হবে। গত ১৮ ডিসেম্বর রাজশাহীর আড়ানীতে বাড়ির পাশের
রেললাইন ভাঙা দেখে মাফলার দেখিয়ে তেলবাহী একটি ট্রেন থামিয়ে দেয় সিহাব ও
লিটন।
এর ফলে বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে রক্ষা পায় ৩২ বগির বিশাল এ
ট্রেনটি। এ ঘটনার পরই দেশব্যাপী আলোচনায় আসে এই দুই শিশু বীর। দেশের
গণমাধ্যমগুলো এ দুই শিশুর বীরত্বগাথার সচিত্র প্রতিবেদন প্রকাশ করে। এই দুই
শিশুর বুদ্ধিমত্তা এবং সাহসিকতা দেশের মানুষের উচ্ছ্বসিত প্রশংসা পায়।
ঘটনার পর রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শাহরিয়ার আলম দুই শিশুকে ‘আড়ানীর নায়ক’ উপাধি দিয়ে তাদের পড়াশোনার দায়িত্ব
নেয়ার ঘোষণা দেন। এছাড়া ‘ট্রেন রক্ষার বীর সৈনিক’ হিসেবে তাদের উপাধি দেয়
রেলপথ বিভাগ। সংবর্ধনা দেয় রাজশাহী বিভাগীয় প্রশাসন। আড়ানীর ঝিনা গ্রামের
সুমন আলীর ছেলে সিহাব এবং শহীদুল ইসলামের ছেলে লিটন। সিহাব ঝিনা সরকারি
প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে এবং লিটন একই স্কুলে দ্বিতীয় শ্রেণিতে
লেখাপড়া করে। একেবারেই হতদরিদ্র পরিবারের সন্তান তারা। সর্বশেষ গত ১৩
জানুয়ারি ঢাকায় রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিহাব ও লিটন শিশু
বিভাগের শ্রেষ্ঠ পুরস্কারটি বিজয়ীর হাতে তুলে দেয়। এর মাধ্যমে চলচ্চিত্র
উৎসবে যোগ দেয়া বিশ্বের ৬৪টি দেশ জেনে যায় এ দুই শিশুর বীরত্বগাথা। সর্বশেষ
বৃহস্পতিবার যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকীতে তাদের সংবর্ধনা দেয়া হচ্ছে।
যুগান্তরের কার্যালয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই দুই শিশুকে সংবর্ধনা দেয়া
হবে।
No comments:
Post a Comment