Monday, February 26, 2018

মালদ্বীপের গণতন্ত্র রক্ষায় প্রয়োজন ভারতের নেতৃত্ব

ফের ভারতীয় হস্তক্ষেপের আর্জি জানিয়েছে মালদ্বীপের রাজনৈতিক শিবির। দেশে রাজনৈতিক অস্থিরতা ও সাংবিধানিক সংকট কাটানোর সব অভ্যন্তরীণ চেষ্টা ব্যর্থ হয়েছে বলে রোববার মন্তব্য করেছেন মালদ্বীপের সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামিল আহমেদ। তিনি বলেন, সংকট পরিস্থিতিতে আন্তর্জাতিক হস্তক্ষেপ জরুরি এবং সে প্রক্রিয়ায় ভারতকে নেতৃত্ব দেয়া উচিত। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। জামিল বলেন, গণতন্ত্র ফেরানোর যত রকম উপায় ছিল, সেসব বিভিন্নভাবে চেষ্টা করেছেন মালদ্বীপের মানুষ। বিচার বিভাগ তার রায় দিয়েছে, পার্লামেন্ট চেষ্টা করেছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো চেষ্টা করেছে, মালদ্বীপে আইনের শাসন এবং গণতন্ত্র ফেরাতে সবাই ব্যর্থ।’ তিনি বলেন, ‘আমার মতে এ পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া উচিত আন্তর্জাতিক মহলের। আন্তর্জাতিক আইনের আওতায় থাকা সব রকম বৈধ সংস্থান প্রয়োগ করে মালদ্বীপে গণতন্ত্র ফেরানোর প্রচেষ্টায় নেতৃত্ব দেয়া উচিত ভারতের।’ এর আগে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদও সে দেশে ভারতের হস্তক্ষেপ চেয়েছিলেন। প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিন জরুরি অবস্থা ঘোষণা করে সুপ্রিমকোর্টের বিচারপতিদের এবং তার বিরোধী শিবিরে থাকা রাজনৈতিক নেতাদের গ্রেফতার করার পরেই নাশিদ আর্জি জানিয়েছিলেন, মালদ্বীপে সেনা পাঠাক ভারত। নাশিদের আর্জির পরে মালদ্বীপ নিয়ে মুখ খুলেছিল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।
দ্বীপরাষ্ট্রের পরিস্থিতিতে ভারত অত্যন্ত উদ্বিগ্ন বলে জানানো হয়েছিল। মালদ্বীপের দিকে ভারত সতর্ক নজর রাখছে বলেও জানানো হয়েছিল। দিন কয়েক আগে মালদ্বীপের প্রেসিডেন্ট জরুরি অবস্থার মেয়াদ ফের বাড়িয়েছেন। তাতে নতুন করে উষ্মা প্রকাশ করেছে ভারত। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, মালদ্বীপে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর কোনো ‘বৈধ কারণ’ ভারত খুঁজে পাচ্ছে না। আমরা অবশ্যই পরিস্থিতির দিকে নজর রাখছি এবং মালদ্বীপের সরকারকে আমরা বলব, রাজনৈতিক বন্দিদের মুক্তি দেয়া হোক, প্রধান বিচারপতিকে মুক্তি দেয়া হোক, সুপ্রিমকোর্টের নির্দেশ পালন করা হোক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক সক্রিয়তা ফিরিয়ে আনা হোক। ভারতের এ বিবৃতির বিরোধিতা করেছে মালদ্বীপ। ইয়ামিন সরকারের পররাষ্ট্রমন্ত্রী মহম্মদ আসিম পাল্টা বিবৃতি দিয়ে বলেছেন, ভারত সরকার যে বিবৃতি প্রকাশ করেছে, মালদ্বীপের সরকার সে সম্পর্কে অবহিত।

No comments:

Post a Comment