
সংসদে
স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের প্রশ্ন- প্রধানমন্ত্রীর
পুলিশ, সেনাবাহিনী ও প্রশাসন যদি খালেদা জিয়ার অধীনে হয়ে থাকে তাহলে দেশ
চলছে কিভাবে? আজ রোববার ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার
সভাপতিত্বে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য আ.খ.ম
জাহাঙ্গীর হোসাইন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এক সম্পূরক প্রশ্নে জানতে চান,
সম্প্রতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, পুলিশ, সেনাবাহিনীসহ
প্রশাসন তাদের সাথে রয়েছে। তাহলে আমাদের সাথে কারা রয়েছেন? এ প্রশ্নের জবাব
দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্নকর্তাকেই এমন পাল্টা প্রশ্ন করে বলেন,
প্রধানমন্ত্রীর পুলিশ, সেনাবাহিনী যদি খালেদা জিয়ার অধীনে হয়ে থাকে তাহলে
দেশ চলছে কিভাবে? এটা আপনার কাছে আমার প্রশ্ন। খালেদা জিয়ার মামলা নিয়ে করা
এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়ার মামলাটি
বিচারাধীন। সেখানে বিচারক কি রায় দেবেন সেটা বিচারক জানেন, আমাদের করণীয়
কিছু নেই। কেউ যদি আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নেন কিংবা অস্থতিকর
পরিস্থিতি সৃষ্টি করেন কিংবা ভাঙচুর করেন তাহলে আইনানুযায়ী তার ব্যবস্থা
নেয়া হবে। সেদিনের ভিডিও ফুটেজ দেখে আমরা সনাক্ত করছি। আইন তার নিজস্ব
গতিতে চলবে এটাই স্বাভাবিক। আওয়ামী লীগ সংসদ সদস্য ফজিলাতুন নেসা ইন্দিরার
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ৩০
জানুয়ারি খালেদা জিয়ার গাড়ি বহরের সামনে থেকেই পুলিশের ওপর অতর্কিত হামলা
করা হয়েছে। সেদিন তারা অতর্কিত হামলা চালিয়ে পুলিশের প্রিজন ভ্যান ভাঙচুর
করে। সেদিনের ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেদিন তারা পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে
পুলিশের দুটি রাইফেল ভেঙেছে, পুলিশের প্রিজন ভ্যান ভাঙচুর করেছে। তিনি
বলেন, যখন ঘটনাটি ঘটে ঠিক তখনই বিএনপি চেয়ারপারসন সেই রাস্তায় দিয়ে
যাচ্ছিলেন। তার সামনের বহর থেকেই ঘটনাটি ঘটে। আমাদের পুলিশ অত্যন্ত ধৈয্যের
সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছে। ভিডিও দেখে জড়িতদের শনাক্ত করা হচ্ছে।
শনাক্ত করে তাদের সবাইকে আইনের মুখোমুখি করা হবে। হেফাজতের আল্লামা শফি
আহমদের সাথে সাক্ষাত প্রসঙ্গে জাসদের নাজমুল হক প্রধানের প্রশ্নের জবাবে
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সারা বাংলাদেশের আলেম সমাজের অত্যন্ত সম্মানীয়
ব্যক্তি হচ্ছেন আল্লামা শফি আহমেদ। সবাই তাকে শ্রদ্ধার সঙ্গে দেখেন।
চট্টগ্রামে সরকারি কাজে গিয়েছিলাম। সেখানে গিয়ে অসুস্থ্যতার খবর জানতে
পেরেই তার সাথে দেখা করতে যাই। এখানে অন্য কিছু নেই।
No comments:
Post a Comment