Monday, February 12, 2018

বদির কোনো বিকল্প নেই, বদিকে ভোট দিন -সেতুমন্ত্রী ওবায়দুল কাদের



স.ম.ইকবাল বাহার চৌধুরীঃ

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফে) আসনে আলোচিত সংসদ সদস্য আবদুর রহমান বদির কোনো বিকল্প নেই বলে ঘোষণা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আগামী নির্বাচনে বদিকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবানও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আজ সোমবার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শণ শেষে উখিয়ার কোটবাজারে এক পথসভায় ওবায়দুল কাদের এই ঘোষণা দেন। উখিয়া কোর্ট বাজার স্টেশনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত পথসভায় ওবায়দুল কাদের আরো বলেন, ‘বদি গরীবের বন্ধু, বদির কোনো বিকল্প নেই।’ সংসদ সদস্য বদির প্রশংসা করে তিনি আরো বলেন, ‘উখিয়া টেকনাফের উন্নয়নের জন্য বদি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্ত উখিয়া-টেকনাফের স্থানীয় জনগণের জন্য বদির দাবির পরিপ্রেক্ষিতে নানা সহযোগিতার ব্যবস্থা করা হয়েছে।’ এসময় ওবায়দুল কাদের পথসভায় উপস্থিত জনগণের কাছে বদি নেতা-কর্মীদের খবর নেন কিনা জানতে চান। কাদেরের প্রশ্নের জবাবে নেতা-কর্মীরা সমস্বরে বদির পক্ষে সাক্ষ্য দেন। সাক্ষ্য নেওয়ার পর ওবায়দুল কাদের বলেন, ‘বদি সবসময় সংসদে আপনাদের কথা বলেন। আগামীতে বদিকে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো জয়ী করতে হবে।’ এর আগে সোমবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে কক্সবাজার-টেকনাফ শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কে শহীদ এটিএম জাফর স্মরণে স্মৃতি তোরণ উদ্বোধন করেন। এসময় তিনি বলেন বিএনপি ভাঙার জন্য বিএনপিই যথেষ্ট মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিকে একটি লজ্জাজনক পরিস্থিতির মুখোমুখি করেছেন বেগম খালেদা জিয়া ও তাঁর সন্তান। মা দুর্নীতির দায়ে সাজা পেয়ে কারান্তরীণ হয়েছেন। আর সেই কারাগারকে তাঁর গুলশানের বাড়ি বলে মনে করছেন দলের অনেকে। নিয়মানুসারে তাঁকে সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে। এরপরও দলের ভেতরে একেক জন একেক রকম কথা বলছেন।সেতুমন্ত্রী বলেন, বিএনপি দুর্নীতিবাজদের রক্ষা করতে রাতারাতি গঠনতন্ত্রের ৭ম ধারা বাতিল করেছে। একজন সাজাপ্রাপ্ত ব্যক্তির দলের প্রধানের দায়িত্ব নেয়া বড়ই লজ্জার। যে ব্যক্তি ভিনদেশে (লন্ডনে) নিজ দেশের দূতাবাসে হামলার ইন্ধন দিতে পারে তার ভেতর কখনো দেশপ্রেম আশা করা যায় না। দেশের আইনশৃংখলা বাহিনী তাকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে। যথা সম্ভব সাজাপ্রাপ্ত তারেক রহমানকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে। এ সময় উপস্থিত ছিলেন সাংসদ আবদুর রহমান বদি, সাংসদ সাইমুম সরওযার কমল, কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদ, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা পরিষদ সদস্য আশরাফ জাহান কাজল, মন্ত্রী পরিষদ সচিবের ছোট ভাই হলদিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম, জেলা শ্রমিকলীগ সভাপতি জহিরুল ইসলাম সিকদার, উখিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হুদা, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম মাহাবু, আ’লীগ নেতা আমিনুল হক আমিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন, ছাত্রলীগ সভাপতি ছৈয়দ মোহাম্মদ নোমান প্রমুখ।

No comments:

Post a Comment