
পার্বত্য
অঞ্চলের শান্তি আনায়ন ও এই অঞ্চলের মানুষের জীবন মানোন্নয়নে মার্কিন
যুক্তরাষ্ট্র সরকারের সাহার্য্য সংস্থা ইউএসএইড সহায়তা অব্যাহত রাখবে বলে
জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্ণিকাট।
রাঙ্গামাটি ও বান্দরবান সফরের প্রথম দিনে আজ সোমবার দুপুরে রাঙ্গামাটি
পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেমলিয়ানা পাংখোয়ার সঙ্গে
সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে এ কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। এ
সময় ইউএসএইড এর বাংলাদেশ মিশন প্রধান জেনিনা জারুজেলস্কি সহ সংস্থাটির
কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সকালে মার্কিন রাষ্ট্রদূত চাকমা সার্কেল
চীফ রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এছাড়া
রাঙ্গামাটির ইউএনডিপির কার্যালয় পরিদর্শনসহ রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ
মামুনুর রশিদ ও আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমার সঙ্গে বৈঠকের কথা
রয়েছে। জেলা পরিষদ চেয়ারম্যান কক্ষে ঘন্টব্যাপী অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠকে
পার্বত্য অঞ্চলের পিছিয়েপড়া মানুষের জীবন মানোন্নয়নে চলমান উন্নয়ন
কার্যক্রমের অগ্রগতি ও পার্বত্য পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে
রাঙ্গামাটি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেমলিয়ানা পাংখোয়া, পরিষদের
মুখ্য নির্বাহী কর্মকর্তা সাদেক আহামদসহ পরিষদের সদস্যবর্গ উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment