Wednesday, March 21, 2018

ময়মনসিংহের রিয়াজ উদ্দিন ফকিরের রায় যে কোনো দিন

ময়মনসিংহের ফুলবাড়িয়ার রিয়াজ উদ্দিন ফকিরের বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যে কোনো দিন ঘোষণা করা হবে। প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর ঋষিকেষ সাহা। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন। একাত্তরে যুদ্ধের সময় হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন ও ধর্ষণের মত মানবতাবিরোধী অপরাধের পাঁচটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে রিয়াজ উদ্দিন ফকিরের বিরুদ্ধে। আসামিদের মধ্যে রিয়াজ উদ্দিন ফকির গ্রেফতার হয়ে আছেন কারাগারে। এ মামলায় প্রাথমিকভাবে তিনজনের বিরুদ্ধে তদন্ত শুরু হলও অভিযোগ গঠনের আগে গ্রেফতার আসামি আমজাদ আলী কারাগারে অসুস্থ হয়ে মারা গেলে তার নাম মামলা থেকে বাদ দেয়া হয়।
আরেক আসামি ওয়াজ উদ্দিন পলাতক অবস্থায় মারা যায়। অভিযোগ গঠনের পর তার মৃত্যুর বিষয়টি জানানো হলে ট্রাইব্যুনাল তার নামও বাদ দেন। ২০১৬ সালের ২১ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে দেয়া অভিযোগপত্রে এ মামলার আসামিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়। একই বছরের ১১ ডিসেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচার শুরু করেন ট্রাইব্যুনাল।

No comments:

Post a Comment