Tuesday, May 28, 2013

কলম্বিয়ার ভূমি সংস্কারে ফার্ক গেরিলাদের সম্মতি

ছয় মাসের শান্তি আলোচনার পর অবশেষে ভূমি সংস্কারে একমত হয়েছে কলম্বিয়া সরকার ও দেশটির মার্ক্সবাদী বিদ্রোহী গোষ্ঠী রেভুল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া বা এফএআরসি বা ফার্ক। গত রোববার এক যৌথ বিবৃতিতে এই ঘোষণা দেয় কলম্বিয়া সরকার ও ফার্ক। এই চুক্তির মধ্য দিয়ে বিদ্রোহীদের নিয়ে শান্তি প্রতিষ্ঠার পথে কলম্বিয়া অনেকটা এগিয়ে গেল। চুক্তিটি গ্রামীণ কলম্বিয়ার আমূল রূপান্তরের সূচনা ঘটাবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, দুই পক্ষের সমঝোতা অনুযায়ী গ্রামীণ এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং সেখানে বসবাসকারী দরিদ্র জনগোষ্ঠীকে জমির অধিকার দেওয়া হবে। সাম্যবাদী পদ্ধতিতে ভূমি সংস্কারের দাবি নিয়ে ১৯৬৪ সালে আন্দোলন শুরু করে ফার্ক। পরে এই আন্দোলন সরকারবিরোধী সশস্ত্র বিদ্রোহে রূপ নেয়। এখন পর্যন্ত ছয় লাখের বেশি মানুষ দুই পক্ষের লড়াইয়ে প্রাণ হারিয়েছে। অভ্যন্তরীণভাবে বাস্তুহারা হয়েছে প্রায় ৩০ লাখ মানুষ। চুক্তিটিকে ঐতিহাসিক চুক্তি আখ্যা দিয়ে কলম্বিয়া সরকারের পক্ষের প্রধান আলোচক হামাবার্তো দে লা ক্যালি বলেন, ‘এটি কলম্বিয়ার গ্রামীণ এলাকার পুনর্জন্ম।’ তিনি আরও বলেন, ‘আলোচনার মাধ্যমে শান্তি অর্জনের বাস্তব সুযোগ তৈরি হলো আজ। এই প্রক্রিয়াকে সমর্থন কলম্বিয়ার প্রতি বিশ্বাসেরই প্রতিফলন।’ অনেকগুলো বিষয়ের মীমাংসা এখনো বাকি আছে বলে জানিয়েছেন এফএআরসির পক্ষের প্রধান আলোচক ইভান মার্কুয়েজ। তিনি বলেন, পরবর্তী সময়ে এসব বিষয় নিয়ে আলোচনা করা হবে। তিনি বলেন, ‘আমরা একটি চুক্তির বিষয়ে একমত হয়েছি। এটি চূড়ান্ত হওয়ার আগে অবশ্যই পর্যালোচনা করে দেখতে হবে।’ দুই পক্ষের আলোচনায় মধ্যস্থতাকারী দেশ কিউবার রাজধানী হাভানায় গত নভেম্বর থেকে কলম্বিয়া সরকার ও ফার্কের মধ্যে আলোচনা চলছে। লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে কলম্বিয়ার গৃহযুদ্ধই সবচেয়ে দীর্ঘসময় ধরে চলছে। ভূমি সংস্কার নিয়ে বিরোধের কারণেই গৃহযুদ্ধের অবসান হচ্ছে না। ফার্কের বর্তমান যোদ্ধা আট হাজারের মতো। অথচ ২০০১ সালেও এই সংখ্যা ছিল ১৬ হাজার। বিবিসি।

No comments:

Post a Comment