Tuesday, May 28, 2013

ছত্তিশগড়ে হামলার ঘটনা তদন্ত করবে এনআইএ

ভারতের ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের ওপর মাওবাদীদের হামলার ঘটনা তদন্ত করবে দেশটির প্রধান সন্ত্রাসবিরোধী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। সরকারি কর্মকর্তারা গতকাল সোমবার এই তথ্য জানিয়েছেন। ২০০৮ সালের মুম্বাই বোমা হামলার পর সন্ত্রাসবাদ-সংক্রান্ত অপরাধ তদন্তে এনআইএ গঠিত হয়। সংস্থাটির একটি দল শিগগিরই ছত্তিশগড়ের ঘটনাস্থল পরিদর্শনে যাবে। গত শনিবার বিকেলে ছত্তিশগড় রাজ্যের রাজধানী রায়পুর থেকে ৩৭৫ কিলোমিটার দক্ষিণে শুকমা এলাকায় কংগ্রেস নেতাদের গাড়িবহরে মাওবাদীরা সশস্ত্র হামলা চালায়। এতে হামলায় রাজ্যের কংগ্রেস প্রধান নন্দ কুমার প্যাটেল, তাঁর ছেলে দিনেশ প্যাটেল ও স্থানীয় নেতা মহেন্দ্র কর্মাসহ মোট ২৯ জন নিহত হন। আহত হন কমপক্ষে ৩২ জন। হাসপাতালে ভর্তি আহত ব্যক্তিদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। এঁদের মধ্যে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ভি সি শুক্লাও রয়েছেন। গত তিন বছরের মধ্যে এটাই মাওবাদীদের সবচেয়ে বড় হামলা। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আর পি এন সিং গতকাল সাংবাদিকদের বলেন, ‘আমি এনআইকে তদন্তের নির্দেশ দিয়েছি।’ নাম প্রকাশ না করার শর্তে এনআইয়ের একজন কর্মকর্তা বলেন, কংগ্রেস নেতাদের গাড়িবহরে স্বাভাবিকের চেয়ে কম মাত্রায় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। আর সেই সুযোগটিই নিয়েছে মাওবাদী বিদ্রোহীরা। তিনি এএফপিকে বলেন, ‘আমরা এই হামলার সবকিছুই খতিয়ে দেখব। রাজনীতিবিদদের ওপর চালানো হামলায় বিদ্রোহীরা অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করেছে। স্থানীয় পুলিশ বিভাগ রাজনীতিবিদদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়নি।’ নিরাপত্তা ঘাটতির ব্যাপারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন, নিরাপত্তাজনিত ব্যর্থতার কারণে এই হামলার ঘটনা ঘটতে পারে। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হামলার মূল পরিকল্পনাকরীকে শনাক্ত করা গেছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে আর পি এন সিং বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ ব্যাপারে এখনিই কিছু বলা যাচ্ছে না। কংগ্রেস নেতাদের ওপর হামলার পর মাওবাদীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে চলে গেছে ভারত সরকার। মাওবাদী বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে রাজ্য সরকারকে সাহায্য করতে ৩০ ব্যাটালিয়ন (প্রায় ৩০ হাজার) নিরাপত্তা বাহিনীর সদস্য ছত্তিশগড়ে পাঠানো হয়েছে। এএফপি ও দ্য হিন্দু।

No comments:

Post a Comment