Friday, July 19, 2013

শিশু শ্রম নিষিদ্ধের আইন মানা হচ্ছে না

 জাতিসংঘ শিশু সনদ অনুযায়ী শিশু শ্রম নিষিদ্ধ রয়েছে সারা বিশ্বে। বাংলাদেশেও শিশু শ্রম নিষিদ্ধ আছে। কিন্তু এই ছবি কি বলছে? একটি রিকশা ভ্যানে সেগুন কাঠের গুঁড়ি তোলা হলো। রিকশা ভ্যানের সামনে ৯/১০ বছরের একটি শিশু রিকশার হ্যান্ডেল ধরে সামনের দিকে নেবার চেষ্টা করছে। শিশুটির বাবা পেছন থেকে রিকশা ভ্যান ঠেলার কাজ করছেন। ছবিতে দেখা যাচ্ছে পিতা পুত্র দু’জনই প্রচণ্ড শক্তিতে ভ্যান ঠেলার জন্য চেষ্টা করছেন। ছবিটি কাপ্তাই রাঙামাটি সড়কের বরইছড়ি এলাকা থেকে সম্প্রতি তোলা হয়েছে।
কাপ্তাই, রাঙামাটি, রাজস্থলিসহ পাহাড়ি এলাকার প্রায় সর্বত্র এরকম দৃশ্য হরহামেশা চোখে পড়ে। যে বয়সের শিশু বই খাতা নিয়ে স্কুলে যাবে, লেখাপড়া করবে, বন্ধুদের সাথে খেলায় মেতে উঠবে সেই বয়সের শিশুদের এরকম কঠিন পরিশ্রমের কাজ করতে দেখা যায়। ছবির শিশুটির বাবার নাম মো. ইদ্রিস। শিশুকে দিয়ে এ রকম কঠিন কাজ কেন করাচ্ছেন জানতে চাইলে ইদ্রিস বলেন, কি করুম, গরিব মানুষ, কাজ না করলে সংসার চলবে কেমনে। আমি একা পারি না তাই শিশুটির সাহায্য নিচ্ছি।
শিশুটিকে স্কুলে ভর্তি করানো হয়েছে কিনা জানতে চাইলে বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম আছে। তবে সব সময় স্কুলে যেতে পারে না। শিশুটিকে নিয়ে তার কোন ভবিষ্যৎ পরিকল্পনাও নাই। এই শিশু লেখাপড়া শিখে বড় হয়ে একদিন দেশ ও জাতির হাল ধরবে, সংসারের দুঃখ দূর করবে, এমন আশা করেন কিনা জানতে চাইলে ইদ্রিস বলেন, আগে এখন বাঁচি। ভবিষ্যতের কথা ভবিষ্যতে ভাবা যাবে।

No comments:

Post a Comment