Sunday, April 20, 2014

সোনার কোট পিন ফিরিয়ে দিলেন প্রতিমন্ত্রী ও তিন সাংসদ

সংবর্ধনা সভায় উপহার হিসেবে দেওয়া সোনার ‘কোট পিন’ গ্রহণ করলেন না ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ ও নাটোরের তিন সাংসদ। আজ রোববার দুপুরে নাটোর জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে সমিতির পক্ষ থেকে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়।
জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, সমিতির পক্ষ থেকে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী ও নাটোর-৩ (সিংড়া) আসনের সাংসদ জুনাইদ আহমেদ, নাটোর-৪ (গুরুদাসপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ আবদুল কুদ্দুস, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ আবুল কালাম আজাদ ও নাটোর-২ (সদর) আসনের সাংসদ শফিকুল ইসলামের সংবর্ধনা সভার আয়োজন করা হয়। আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমীন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভার শুরুতে প্রতিমন্ত্রীসহ সব সাংসদকে উপহার হিসেবে সমিতির মনোগ্রাম খচিত সোনার কোট পিন পরিয়ে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। কিন্তু সাংসদেরা সবাই এই উপহার গ্রহণ করতে অসম্মতি জানান। পরে প্রতিমন্ত্রী ও অন্য সাংসদদের একটি করে জায়নামাজ উপহার দেন আয়োজকেরা।
সোনার কোট পিন ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ উপস্থিত আইনজীবীদের বলেন, ‘আমি এই আইনজীবী সমিতির একজন সদস্য। এখানকার আইনজীবীদের তথা সারা দেশের মানুষের সমর্থনে আমি ও আমরা (সাংসদেরা) সাংসদ নির্বাচিত হয়েছি। এটাই আমাদের বড় পাওয়া। সোনার উপহার নেওয়া আমাদের মানায় না। এখন আমরা আপনাদের উপহার দিতে পারলে খুশি হব।’ সংবর্ধনা সভায় সমিতির একটি নতুন ভবন ও ডিজিটাল পাঠাগার প্রতিষ্ঠার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
সংবর্ধনা সভায় জেলা পরিষদের প্রশাসক সাজেদুর রহমান খান, জেলা জজ জাহিদুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফউদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মোহাম্মদ জাফর উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় সমিতির সাধারণ সম্পাদক প্রসাদ কুমার তালুকদারসহ জ্যেষ্ঠ আইনজীবীরা বক্তব্য রাখেন।

No comments:

Post a Comment