Thursday, April 24, 2014

‘ক্ষতিপূরণের অর্থ অপব্যবহার করেছে সরকার’

রানা প্লাজায় ট্র্যাজেডিতে হতাহতদের ক্ষতিপূরণে বিদেশ থেকে যে বিপুল পরিমাণ অর্থ এসেছে সরকার তা অপব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, সরকার রানা প্লাজার দুর্ঘটনাকে পুঁজি করে রাজনীতি করতে চেয়েছিল। 
কিন্তু তারা সফল হয়নি। আজ বিকালে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম আয়োজিত রানা প্লাজা ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে মিলাদ ও আলোচনা সভার তিনি এসব কথা বলেন। মির্জা আলমগীর বলেন, বিএনপি জোটের আন্দোলন চলাকালে রানা প্লাজা ধসের ঘটনা ঘটে। তখন বিএনপি আন্দোলন স্থগিত করেছিল। কিন্তু আমাদের আন্দোলনকে পুঁজি করে সরকার তখন রাজনীতি করার চেষ্টা করেছে। এমনকি তারা আমাদের আন্দোলনকে ভিন্নখাতে প্রভাবিত করার জন্য নির্লজ্জ মিথ্যাচারও করেছে। তিনি বলেন, রানা প্লাজার মতো ‘ট্র্যাজেডি’ যাতে আর না ঘটে সেজন্য জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। দুদকের মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যমূলক মন্তব্য করে মির্জা আলমগীর বলেন, আওয়ামী লীগ রাজনীতিকে রাজনীতি দিয়ে  মোকাবিলা না করে মামলা-হামলার পথ বেছে নিয়েছে। তারা  রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। গার্মেন্টস শিল্পে অবদান রাখার জন্য বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্মরণ করেন এবং এ খাতে অস্থিরতার জন্য বর্তমান সরকারকে দায়ী করেন তিনি। সংগঠনের সভাপতি শামা ওবায়েদের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির যুগ্ম মাহসচিব সালাহ উদ্দিন আহমেদ, রুহুল কবির রিজভী আহমেদ, মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন।

No comments:

Post a Comment