এতদিন নানামাত্রিক চরিত্রে দর্শক দেখতে পেয়েছেন বলিউড অভিনেত্রী বিদ্যা
বালানকে। ‘দ্য ডার্টি পিকচার’, ‘কাহানি’, ‘পরিণীতি’, ‘হে বেবি’, ‘পা’,
‘ইশকিয়া’, ‘ভুল ভুলাইয়া’ ছবিগুলোতে অভিনেত্রী হিসেবে নিজেকে কেবল ওপরের
দিকেই তুলেছেন তিনি। একাধিকবার সেরা অভিনেত্রীর পুরস্কারও বগলদাবা করেছেন।
এদিকে সর্বশেষ ‘শাদি কে সাইড ইফেক্ট’ ছবিতে ফারহান আক্তারের বিপরীতে অভিনয়
করেন। এ ছবিটিও এরই মধ্যে ভাল ব্যবসা করেছে। এবার আরও একটি ভিন্নধর্মী ছবির
মাধ্যমে বিদ্যা দর্শকদের সামনে আসছেন। ছবির নাম ‘ববি জাসুস’।

অভিনেত্রী
দিয়া মির্জার প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন সামার শেখ। এখানে নাম
ভূমিকায় অভিনয় করছেন বিদ্যা। ছবিতে গোয়েন্দা চরিত্রে দেখা যাবে তাকে। এর
আগে এ ধরনের চরিত্রে কাজ করা হয়নি তার। এ ছবিটির শুটিং এরই মধ্যে শেষ
হয়েছে। চলতি বছরের মাঝামাঝিতে এটি মুক্তির কথা রয়েছে। এদিকে এ ছবিতে
বিদ্যাকে দেখা যাবে সাহিল সাংঘার বিপরীতে। ছবির কাহিনীতে দেখা যাবে
গোয়েন্দা বিদ্যা বিভিন্নরূপে চোরাকারবারি দলের মধ্যে প্রবেশ করে। সেখান
থেকে তথ্য নেয়ার জন্য একাধিক পুরুষের সঙ্গে প্রেমের অভিনয়ও করেন। তার সঙ্গ
দেন সাহিল। এক সময় দু’জনই বড় এক বিপদের মধ্যে পড়ে যায়। সেখান থেকে বের
হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করেন তিনি। এ ছবিতে অভিনয় করতে গিয়ে একাধিক
গোয়েন্দা বই পড়েছেন বিদ্যা। পাশাপাশি গোয়েন্দাভিত্তিক বিভিন্ন ছবিও
দেখেছেন। নিজেকে শতভাগ তৈরি করেই এর শুটিংয়ে অংশ নিয়েছেন। এর আগে বিদ্যা
নারীকেন্দ্রিক চরিত্রে অভিনয় করে সবচেয়ে বেশি সফলতা পেয়েছেন। ধারণা করা
হচ্ছে, এ ছবিটির ক্ষেত্রেও তেমনটাই হবে। এ বিষয়ে বিদ্যা বালান বলেন, ‘দ্য
ডার্টি পিকচার’ এবং ‘কাহানি’র পর আবারও নারী প্রধান ছবিতে কাজ করলাম। এটা
চ্যালেঞ্জিং ছিল আমার কাছে। তবে সবকিছুই ভালভাবে হয়েছে। আশা করছি দর্শক
আমার গোয়েন্দাগিরিও পছন্দ করবেন।
No comments:
Post a Comment