সংগীত প্রতিভা অন্বেষণে পঞ্চমবারের মতো শুরু হলো দেশের সবচেয়ে বড় টিভি
রিয়েলিটি শো ‘ফিজআপ-চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১৪’। প্রতিযোগিতার প্রাথমিক
নির্বাচন কাজ শুরু হচ্ছে আগামীকাল সিলেট থেকে। পর্যায়ক্রমে দেশের সাতটি
বিভাগে ও ঢাকা মেট্রো অঞ্চলের প্রাথমিক নির্বাচন হবে। এবার এ প্রতিযোগিতার
প্রধান বিচারক প্যানেলে আছেন সাবিনা ইয়াসমীন, শাহনাজ রহমতউল্লাহ, রেজওয়ানা
চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী ও ইবরার টিপু। এ উপলক্ষে গতকাল দুপুরে ঢাকায়
রূপসী বাংলা হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে স্বাগত বক্তব্য
রাখেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, গ্লোব সফট
ড্রিংকস লি.ও এএসটি বেভারেজ লি.’র চেয়ারম্যান হারুনুর রশীদ। স্বাগত
বক্তব্যে ফরিদুর রেজা সাগর বলেন, এ প্রতিযোগিতাটি নিয়ে নতুন করে কিছু বলার
নেই। এটি দেশের শীর্ষ জনপ্রিয় রিয়েলিটি শো। এবারের শো হবে আরও প্রাণবন্ত ও
উপভোগ্য। পরে মঞ্চে উপস্থিত হারুনুর রশিদ, প্রধান চার বিচারক শাহনাজ
রহমতউল্লাহ, রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী ও ইবরার টিপু তাদের
অনুভূতি ব্যক্ত করেন।

হারুনুর
রশীদ বলেন, দেশে অনেক রিয়েলিটি শো হচ্ছে। চ্যানেল আই’র কাছে মানুষের চাওয়া
যেমন অনেক, তেমনি আমারও চাওয়া অনেক। আমি আশা করবো চ্যানেল আই এ
প্রতিযোগিতা থেকে দেশ ও দশের কল্যাণে কিছু নবজাগরণ ঘটাবে। মঞ্চে উপস্থিত
শাহনাজ রহমতউল্লাহ অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আমি মিডিয়া থেকে অবসর
প্রায়। তবুও টিভিপর্দায় বিভিন্ন রিয়েলিটি শো দেখে আমার মনে হতো কিছু একটা
করি। আমার সে ইচ্ছেটা পূরণ করতে পেরেছে চ্যানেল আই। কারণ, তাদের কাছে
মানুষের চাওয়া অনেক। আমি চেষ্টা করবো এ প্রতিযোগিতা থেকে ভাল কিছু উপহার
দিতে। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিক নির্বাচনের পর প্রত্যেক বিভাগেই
সেই বিভাগের চূড়ান্ত পর্ব অর্থাৎ বিভাগীয় গালা অনুুষ্ঠিত হবে। বিভাগীয়
গালায় তিন প্রধান বিচারক রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী ও ইবরার
টিপু উপস্থিত থেকে ৫ জনকে ‘মুভ টু গ্র্যান্ড গালা’ কার্ড প্রদান করবেন।
এভাবে মোট ৭টি বিভাগ ও ঢাকা মেট্রো মিলিয়ে মোট ৪০ জনকে নির্বাচিত করা হবে
ঢাকায় গ্র্যান্ড অডিশন রাউন্ডের জন্য। ৪০ জন থেকে সেরা ২৪ জন প্রতিযোগী
নিয়ে শুরু হবে ক্যাম্প ও গ্রুমিং রাউন্ড। যেখানে এই প্রধান তিন বিচারকের
সঙ্গে যুক্ত হবেন দেশের দুই কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমীন ও শাহনাজ
রহমতউল্লাহ। সাবিনা ইয়াসমীন দেশের বাইরে থাকায় গতকালের সংবাদ সম্মেলনে
উপস্থিত হতে পারেনি। ফিজআপ-চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১৪-এর এই সিজনের মোট
প্রচার পর্ব হবে ৪০টি। আগামী ১৬ই মে থেকে চ্যানেল আইতে বিভাগীয় পর্যায়ের
বাছাই নিয়ে সমপ্রচার শুরু হবে অনুুষ্ঠানটি। এবারের প্রতিযোগিতা উপস্থাপনা
করবেন সিজিল মির্জা। পরিকল্পনা ও পরিচালনা করবেন ইজাজ খান স্বপন। সংবাদ
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এএসটি বেভারেজ লি.‘র ব্যবস্থাপনা পরিচালক
আহম্মদ হোসেন, গ্লোব সফট ড্রিংকস লি. ও এএসটি বেভারেজ লি.’র পরিচালক সেলস
এন্ড মার্কেটিং খায়রুল আনামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আরও
উপস্থিত ছিলেন দেশের সংগীতজগতের খ্যাতিমান শিল্পী, গীতিকার, সুরকার ও সংগীত
পরিচালকরা।
No comments:
Post a Comment